নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল ২৭ জুলাই ঘোষণা করেছেন যে, স্টেটের গ্যান ইনভলভড ভায়োলেন্স এলিমিনেশন উদ্যোগে অংশ নেওয়া কমিউনিটিগুলোতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে গুলিবর্ষণজনিত আহতের ঘটনা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ কমেছে। একই সময়ে বন্দুক হামলায় মৃত্যুর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমে ৪৮ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৫০টি বন্দুকজনিত মৃত্যু ছিল, যা ২০২৬ সালের একই সময়ে কমে দাঁড়িয়েছে ২৬টিতে।
স্টেটের তথ্য অনুযায়ী, গান ইনভলভড ভায়োলেন্স এলিমিনেশন উদ্যোগে অংশ নেওয়া ১৭টি পুলিশ বিভাগ ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কোনো বন্দুক হামলাজনিত হত্যাকাণ্ডের রিপোর্ট করেনি। এসব বিভাগের মধ্যে রয়েছে আমহার্স্ট, অবার্ন, বিংহ্যামটন, হেম্পস্টেড, ইথাকা, জেমসটাউন, কিংস্টন, ল্যাকাওয়ানা, মিডলটাউন, মাউন্ট ভার্নন, নিউবার্গ, রচেস্টার, স্কেনেকটেডি, স্প্রিং ভ্যালি, ইউটিকা, ওয়াটারটাউন এবং ইয়ঙ্কার্স।
গভর্নর হোচুল বলেন, এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয় এগুলো এমন জীবন, যেগুলো রক্ষা পেয়েছে এমন পরিবার, যারা প্রিয়জন হারানোর কষ্ট থেকে বেঁচেছে এবং এমন কমিউনিটি, যেখানে আরেকটি সহিংস ঘটনা ঘটেনি। নিউইয়র্কবাসীর নিরাপত্তার জন্য আমরা আইনপ্রয়োগকারী সংস্থা এবং সহিংসতা প্রতিরোধ কর্মসূচিতে রেকর্ড বিনিয়োগ করেছি। এই ফলাফল দেখায় যে আমরা যখন একসঙ্গে কাজ করি, তখন কমিউনিটিকে আরো নিরাপদ করা সম্ভব।
২০২৬ সালের প্রথম ছয় মাসে গান ইনভলভড ভায়োলেন্স এলিমিনেশন এলাকাগুলোতে আহতসহ গুলির ঘটনা কমে ২৪৪টি থেকে ১৯৭টিতে নেমে এসেছে। একই সময়ে গুলিবিদ্ধ মানুষের সংখ্যা কমেছে প্রায় ২০ শতাংশ ২০২৫ সালে যেখানে ২৭৯ জন গুলির শিকার হয়েছিলেন, ২০২৬ সালে তা কমে ২২৩ জন হয়েছে।
স্টেট কর্মকর্তারা জানান, এই অগ্রগতি ২০২৫ সালের ঐতিহাসিক উন্নতির ধারাবাহিকতা। ২০২৫ সালে নিউইয়র্কে আহতসহ গুলির ঘটনা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল। ২০২১ সালের প্রথম ছয় মাসের তুলনায় ২০২৬ সালের একই সময়ে গুলির ঘটনা কমেছে ৬৬ শতাংশ ৫৮৩টি থেকে ১৯৭টিতে।
নিউইয়র্ক স্টেটের ডিভিশন অব ক্রিমিনাল জাস্টিস সার্ভিসেস (ডিসিজেএস) পরিচালিত গ্যান ইনভলভড ভায়োলেন্স এলিমিনেশন কর্মসূচি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনবল, অতিরিক্ত কর্মঘণ্টা, প্রযুক্তি ও সরঞ্জাম সহায়তা প্রদান করে। এই কর্মসূচির আওতায় থাকা ২৮টি পুলিশ বিভাগ স্টেটের নিউইয়র্ক সিটির বাইরের বন্দুকজনিত সহিংস অপরাধের প্রায় ৯০ শতাংশ এবং মোট সহিংস অপরাধের প্রায় ৮৫ শতাংশ মোকাবিলা করে।
অপরাধের সামগ্রিক চিত্রেও উন্নতি দেখা গেছে। ২০২৬ সালের প্রথম তিন মাসে গান ইনভলভড ভায়োলেন্স এলিমিনেশন এলাকার পুলিশ বিভাগগুলো মোট ১৭ হাজার ১০৫টি ইনডেক্স ক্রাইম রিপোর্ট করেছে, যা ২০১৭ থেকে ২০২৬ সালের মধ্যে প্রথম তিন মাসের মধ্যে সর্বনিম্ন। গত বছরের একই সময়ের তুলনায় এসব এলাকায় মোট অপরাধ কমেছে ৬ শতাংশ।
বিশেষ করে সহিংস অপরাধ কমেছে ২৫ শতাংশ ২০২৫ সালের প্রথম তিন মাসে যেখানে ৩ হাজার ২৮৮টি সহিংস অপরাধ ছিল, ২০২৬ সালে তা কমে ২ হাজার ৪৭৩টিতে নেমেছে। একই সময়ে সম্পত্তি সংক্রান্ত অপরাধ কমেছে ১৭ শতাংশ।
এই অগ্রগতি ২০২৫ সালের অপরাধ হ্রাসের ধারাবাহিকতা। ২০২৫ সালে ২০২৪ সালের তুলনায় গ্যান ইনভলভড ভায়োলেন্স এলিমিনেশন এলাকায় মোট ইনডেক্স ক্রাইম কমেছে ১৩ শতাংশ। হত্যা, ধর্ষণ, ডাকাতি, গুরুতর হামলা, চুরি, লুট এবং গাড়ি চুরিসহ সাতটি প্রধান অপরাধের প্রতিটিতেই দ্বিগুণ সংখ্যার হ্রাস দেখা গেছে। নিউইয়র্ক সিটির বাইরে ৫৭টি কাউন্টিতেও ২০২৫ সালে অপরাধ কমে ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।
নিউইয়র্ক স্টেটের অপরাধ বিচার বিভাগের কমিশনার রোসানা রোসাডো বলেন, ‘গ্যান ইনভলভড ভায়োলেন্স এলিমিনেশন কর্মসূচির অংশীদাররা তাদের কমিউনিটিতে বাস্তব পরিবর্তন আনছে। বন্দুক সহিংসতা ও অপরাধ কমার অর্থ হলো কম পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আরো বেশি তরুণ জীবন বাঁচছে এবং কমিউনিটিগুলো আরো শক্তিশালী হচ্ছে।
গভর্নর হোচুল প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এখন পর্যন্ত প্রায় ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অর্থায়ন, কমিউনিটিভিত্তিক নিরাপত্তা উদ্যোগ, আগ্নেয়াস্ত্র নিরাপত্তা কর্মসূচি এবং তরুণ ও পরিবারের জন্য নতুন হোপ প্রোগ্রাম।
নিউইয়র্ক স্টেটের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেও বন্দুক সহিংসতা প্রতিরোধ, কমিউনিটি উন্নয়ন এবং আইনপ্রয়োগকারী সংস্থার জন্য রেকর্ড পর্যায়ের অর্থ বরাদ্দ রাখা হয়েছে। কর্মকর্তারা জানান, বিশেষ করে ৩-ডি প্রিন্টেড বন্দুক এবং ঘরে তৈরি মেশিনগানের মতো নতুন ধরনের অস্ত্রের হুমকি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গভর্নর হোচুল প্রশাসনের দাবি, আইন প্রয়োগকারী সংস্থা, স্থানীয় সংগঠন এবং কমিউনিটি অংশীদারদের যৌথ প্রচেষ্টার ফলে নিউইয়র্কে সহিংসতা কমানোর অগ্রগতি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও নিরাপদ শহর ও নিরাপদ পাড়া গড়ার লক্ষ্যে কাজ চলবে।