২৭ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৬:৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :


ফেডারেল অর্থ ছাড়াই বিএকিউই সংস্কারের উদ্যোগ মেয়র মামদানির
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৮-২০২৬
ফেডারেল অর্থ ছাড়াই বিএকিউই সংস্কারের উদ্যোগ মেয়র মামদানির ব্রুকলিন হাইটসের নিচে ব্যস্ত ব্রুকলিন-কুইন্স এক্সপ্রেসওয়ে


নিউইয়র্ক সিটি প্রশাসন ফেডারেল অর্থায়ন ও অনুমোদনের ওপর নির্ভর না করে ব্রুকলিন-কুইন্স এক্সপ্রেসওয়ের (বিকিউই) জরুরি সংস্কারের উদ্যোগ নিতে যাচ্ছে। মেয়র জোহরান মামদানির প্রশাসন ব্রুকলিন হাইটসের নিচে অবস্থিত ঝুঁকিপূর্ণ ট্রিপল ক্যান্টিলিভার কাঠামোটি সংস্কারের জন্য তুলনামূলকভাবে সীমিত পরিসরের একটি পরিকল্পনা গ্রহণ করেছে।

আগামী ৩১ আগস্ট এ পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে। নতুন পরিকল্পনার আওতায় প্রকল্পটি ফেডারেল পরিবেশগত পর্যালোচনার মধ্য দিয়ে যাবে না এবং ফেডারেল অর্থায়নের জন্যও আবেদন করা হবে না। নগর কর্মকর্তাদের আশা, এতে দীর্ঘ প্রশাসনিক ও অনুমোদন প্রক্রিয়া এড়িয়ে দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে।

নিউইয়র্ক সিটির পরিবহন কমিশনার মাইক ফ্লিন বলেন, বহু বছর ধরে বিকিউই সংস্কারের বিষয়টি ঝুলে রয়েছে। এখন আর বিলম্ব না করে ট্রিপল ক্যান্টিলিভার সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মতে, দ্রুত সংস্কার করা হলে ভবিষ্যতে বড় ধরনের যানজট এবং ব্রুকলিনের আবাসিক এলাকায় বিপুলসংখ্যক যানবাহন ঘুরিয়ে দেওয়ার ঝুঁকি কমানো যাবে। বিকিউইর এই ঝুঁকিপূর্ণ অংশ দিয়ে প্রতিদিন প্রায় ১ লাখ ৩০ হাজার যানবাহন চলাচল করে। এর মধ্যে প্রায় ১৩ হাজার ট্রাক। কাঠামোটির অবস্থা বেশ কয়েক বছর ধরেই উদ্বেগের কারণ হয়ে রয়েছে এবং সাবেক মেয়র বিল ডি ব্লাসিওর প্রশাসনের সময় থেকেই এর বড় ধরনের সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে।

মেয়র মামদানি বলেন, নিউইয়র্ক সিটি পুরোনো কংক্রিট সংস্কার করবে, ক্ষয়প্রাপ্ত ট্রিপল ক্যান্টিলিভার পুনর্নির্মাণ করবে এবং নির্মাণকাজ চলাকালে মহাসড়ক সচল রাখতে অস্থায়ী সড়ক তৈরি করবে। এর ফলে বিপুলসংখ্যক গাড়ি ও ট্রাক স্থানীয় সড়কে নেমে আসার পরিস্থিতি এড়ানো সম্ভব হবে বলে তিনি জানান।

বিকিউইর প্রায় ১.৫ মাইল অংশ নিউইয়র্ক সিটি সরকারের নিয়ন্ত্রণে। এর মধ্যে ব্রুকলিন হাইটস প্রমেনেডের নিচ দিয়ে যাওয়া এই ঝুঁকিপূর্ণ কাঠামোটিও রয়েছে। মহাসড়কের বাকি অংশ নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের নিয়ন্ত্রণে। সংস্কারের সুযোগকে কাজে লাগিয়ে মহাসড়কটির কাঠামো নতুনভাবে পরিকল্পনা করার দাবি জানিয়ে আসছিলেন পরিবহন ও কমিউনিটি অ্যাকটিভিস্টরা। ২০২৩ সালে সাবেক মেয়র এরিক অ্যাডামসের প্রশাসন বিএকিউইর ওপর সবুজ উন্মুক্ত স্থান তৈরিসহ তিনটি সম্ভাব্য নকশা উপস্থাপন করেছিল।

তবে ২০২৪ সালে প্রকল্পটির জন্য শহরের চাওয়া ৮০০ মিলিয়ন ডলারের ফেডারেল সহায়তা প্রত্যাখ্যান করা হয়। নগর কর্মকর্তাদের মতে, ফেডারেল অর্থ গ্রহণ করলে মহাসড়কটিকে বর্তমান নির্মাণ বিধিমালা অনুযায়ী আধুনিকায়ন করতে হতো। এর ফলে সড়কের প্রশস্ততা ও কাঁধের অংশ বাড়ানোর প্রয়োজন হতো এবং মহাসড়কের সামগ্রিক পরিসরও বৃদ্ধি পেতো। ট্রিপল ক্যান্টিলিভারের বিশেষ কাঠামোর কারণে নির্মাণকাজের সময় এক লেন করে সংস্কার করা সম্ভব নয় বলে নগর কর্মকর্তারা জানিয়েছেন। তাই কাজ চলাকালে যান চলাচল সচল রাখতে বিকল্প অস্থায়ী সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ফারম্যান স্ট্রিটের ওপর দিয়ে আটলান্টিক অ্যাভিনিউ থেকে কলাম্বিয়া হাইটস পর্যন্ত একটি অস্থায়ী বাইপাস সড়ক তৈরি করা হবে। এটি ব্রুকলিন হাইটস প্রমেনেডের নিচ দিয়ে চলবে। পাশাপাশি কলাম্বিয়া হাইটস থেকে ব্রুকলিন ব্রিজের অ্যাপ্রোচ হয়ে ম্যানহাটন ব্রিজ পর্যন্ত আরো একটি বাইপাস লেন নির্মাণের পরিকল্পনা রয়েছে।পুরো প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৪ বিলিয়ন ডলার। নির্মাণকাজ শুরু হওয়ার সম্ভাব্য সময় ২০৩০ সাল, আর প্রকল্পটি শেষ করতে প্রায় ১০ বছর সময় লাগতে পারে।

শেয়ার করুন