নিউ ইয়র্কে গাঁজা বৈধকরণের ঐতিহাসিক আইন মারিজুয়ানা রেগুলেশন অ্যান্ড ট্যাক্সেশন অ্যাক্ট পাসের পাঁচ বছর পূর্তি উপলক্ষে রাজ্যের ক্যানাবিস শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেছেন গভর্নর ক্যাথি হোচুল। গত ২৭ মার্চ তিনি জানান, প্রাপ্তবয়স্কদের জন্য বৈধ গাঁজা বিক্রি শুরু হওয়ার পর থেকে নিউ ইয়র্কে মোট খুচরা বিক্রি ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার অতিক্রম করেছে এবং স্টেটব্যাপি ৬০০টিরও বেশি লাইসেন্সপ্রাপ্ত ডিসপেনসারি চালু হয়েছে। এ আইনের মাধ্যমে নিউ ইয়র্ক স্টেট অফিস অব ক্যানাবিস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠা করা হয় এবং একটি ন্যায়ভিত্তিক ও নিয়ন্ত্রিত বাজার গড়ে তোলার ভিত্তি স্থাপন করা হয়।
নিউ ইয়র্ক স্টেটের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২ হাজার ১৬১টি প্রাপ্তবয়স্কদের ক্যানাবিস লাইসেন্স ইস্যু করা হয়েছে এবং ৬১০টি খুচরা বিক্রয় কেন্দ্র চালু রয়েছে। সামাজিক ও অর্থনৈতিক সমতা নিশ্চিত করতে নেওয়া উদ্যোগের ফলে মোট লাইসেন্সের ৫৬ শতাংশ ‘সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইকুইটি’ আবেদনকারীদের দেওয়া হয়েছে, যার মধ্যে ৫৭ শতাংশ নারী মালিকানাধীন এবং ৫১ শতাংশ সংখ্যালঘু মালিকানাধীন ব্যবসা। এদিকে, কন্ডিশনাল অ্যাডাল্ট-ইউজ রিটেইল ডিসপেনসারি লাইসেন্সপ্রাপ্তদের ৮৬ শতাংশ ইতোমধ্যে ব্যবসা শুরু করেছে। গভর্নর হোচুল তার বক্তব্যে বলেন, এ শিল্প ছোট ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করছে এবং একই সঙ্গে অবৈধ দোকানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ২০২৫ সালে রাজ্যজুড়ে ২ হাজার ১৭টি এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালিত হয়েছে, যার ফলে ৫৭৯টি অবৈধ দোকান বন্ধ করা হয়েছে এবং ২০ মিলিয়ন ডলারের বেশি অবৈধ ক্যানাবিস জব্দ করা হয়েছে।
এছাড়াও এ আইনের আওতায় বিচারিক সংস্কারেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ৪ লাখেরও বেশি গাঁজা-সংক্রান্ত মামলার রেকর্ড মুছে ফেলার যোগ্য হয়েছে, যার মধ্যে ২ লাখের বেশি ইতোমধ্যে সিল করা হয়েছে। বর্তমানে নিউ ইয়র্কে শুধুমাত্র গাঁজা-সংক্রান্ত অপরাধে কেউ কারাগারে নেই। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের উন্নয়নে ‘কমিউনিটি গ্রান্ট রিইনভেস্টমেন্ট ফান্ড’-এর মাধ্যমে ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে, যা যুব উন্নয়ন, কর্মসংস্থান প্রশিক্ষণ এবং জনস্বাস্থ্য খাতে ব্যয় করা হচ্ছে।