অ্যাসেম্বলি সদস্য সারাহ ক্লার্ক
নিউ ইয়র্ক স্টেটে শিশু পরিচর্যা বা চাইল্ডকেয়ার খাতে দীর্ঘদিনের সংকট আরো গভীর হচ্ছে। স্টেটের আইনপ্রণেতা ও চাইল্ডকেয়ার প্রদানকারীরা এখন সরকারের কাছে অতিরিক্ত ৫০০ মিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানিয়েছেন, যাতে দীর্ঘ ওয়েটলিস্ট কমিয়ে সেবার ঘাটতি পূরণ করা যায়। নিউ ইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হোচুল সম্প্রতি একটি পরিকল্পনা ঘোষণা করেন, যার লক্ষ্য ধাপে ধাপে ইউনিভার্সাল চাইল্ডকেয়ার বা সর্বজনীন শিশু পরিচর্যা ব্যবস্থা গড়ে তোলা। এ পরিকল্পনার আওতায় রাজ্যজুড়ে প্রি-কে সম্প্রসারণ এবং নিউ ইয়র্ক সিটিতে দুই বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে চাইল্ডকেয়ার চালুর কথা বলা হয়েছে। এজন্য মোট প্রায় ১ দশমিক ৭ বিলিয়ন ডলার নতুন অর্থ বরাদ্দের প্রস্তাব রয়েছে। তবে চাইল্ডকেয়ার প্রদানকারীরা বলছেন, এই উদ্যোগ ঐতিহাসিক হলেও বাস্তবায়নের ক্ষেত্রে বড় বাধা হচ্ছে কর্মী সংকট এবং ক্রমবর্ধমান ওয়েটলিস্ট। তাদের মতে, পর্যাপ্ত বাজেট না বাড়ালে এ ব্যবস্থার চাপ সামলানো সম্ভব হবে না।
স্টেটের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার শিশু এখনো চাইল্ডকেয়ার সুবিধার অপেক্ষায় রয়েছে। অনেক কাউন্টিতে নতুন আবেদন গ্রহণও বন্ধ রাখা হয়েছে, আবার কোথাও দীর্ঘ ওয়েটলিস্ট তৈরি হয়েছে। বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে পরিস্থিতি আরো গুরুতর। একজন চাইল্ডকেয়ার প্রদানকারী জানান, তাদের ঘণ্টাপ্রতি মজুরি সামান্য বাড়লেও তা জীবন ধারণের জন্য যথেষ্ট নয়, ফলে অনেক কর্মী এই খাত ছেড়ে অন্য চাকরিতে চলে যাচ্ছেন। এতে কেন্দ্রগুলোর সক্ষমতা আরো কমে যাচ্ছে।
বিশেষজ্ঞ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, নিউ ইয়র্ক স্টেটের প্রায় ৬৪ শতাংশ এলাকাকে চাইল্ডকেয়ার ডেজার্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে প্রয়োজনের তুলনায় শিশু পরিচর্যার স্থান অনেক কম। একটি শিশুর পূর্ণকালীন চাইল্ডকেয়ারের বার্ষিক খরচ গড়ে প্রায় ৩৫,০০০ ডলার পর্যন্ত পৌঁছেছে।
এদিকে স্টেট আইনসভায় বাজেট নিয়ে আলোচনা চললেও চাইল্ডকেয়ার ইস্যুটি এখনো কেন্দ্রীয় আলোচনায় পুরোপুরি আসেনি। আইনপ্রণেতারা সতর্ক করছেন, পর্যাপ্ত তহবিল না দিলে হাজার হাজার পরিবার আরো সংকটে পড়বে এবং অনেক অভিভাবককে চাকরি ছাড়তে হতে পারে।
নিউ ইয়র্ক সিটির বিভিন্ন কাউন্সিল সদস্য জেনিফার গুতিয়েরেজ, আলথিয়া স্টিভেন্সও জুলি মেনিন গভর্নরকে চিঠি দিয়ে জানিয়েছেন, বর্তমান বাজেট পরিকল্পনা যথেষ্ট নয়। তাদের হিসাব অনুযায়ী, ২০২৭ অর্থবছর পর্যন্ত প্রায় ১.১৪ বিলিয়ন ডলার অতিরিক্ত বরাদ্দ না করলে ওয়েটলিস্ট সমস্যা সমাধান সম্ভব নয়। আইনপ্রণেতারা বলছেন, তারা একটি কেন্দ্রীভূত তহবিল গঠনের জন্য চাপ দিচ্ছেন, যাতে অঞ্চলভিত্তিক বৈষম্য কমে এবং সেবার সুযোগ সমানভাবে বিতরণ করা যায়। সব মিলিয়ে, নিউ ইয়র্কে চাইল্ডকেয়ার সংকট এখন শুধু সামাজিক নয়, অর্থনৈতিক চাপেও পরিণত হয়েছে। নীতিনির্ধারকদের মতে, পর্যাপ্ত বিনিয়োগ না হলে সবার জন্য চাইল্ডকেয়ার পরিকল্পনা কেবল কাগজেই সীমাবদ্ধ থেকে যেতে পারে।