০৩ জুন ২০২৬, বুধবার, ০৫:০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের নিউ জার্সির আইস ডিটেনশন সেন্টারে অমানবিক আচরণের অভিযোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী


যুদ্ধ বন্ধের আহ্বান
বিশ্বশান্তি কামনায় ঈদ উদযাপন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৬-২০২৬
বিশ্বশান্তি কামনায় ঈদ উদযাপন খুতবা দিচ্ছেন মাওলানা শামসে আলী


যুদ্ধ বন্ধ এবং মুসলিম বিশ্বসহ সমগ্র মানবতার কল্যাণ কামনার মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজে যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকায় গত বুধবার উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। চমৎকার আবহাওয়া থাকায় বিভিন্ন মসজিদের ব্যবস্থাপনায় খোলা মাঠে ও মসজিদে ঈদ জামাতে মানুষের ঢল নামে। ত্যাগের মহিমা নিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিউ ইয়র্কসহ বিভিন্ন স্টেটে বসবাসরত মুসলমানরা এদিন পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন।

যুক্তরাষ্ট্রে সর্বত্রই ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। অধিকাংশ ঈদ জামাত সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টার মধ্যে অনুষ্ঠিত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাললাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মসজিদ ও ঈদগাহ প্রাঙ্গণ।

নিউ ইয়র্কের জ্যামাইকার দারুস সালাম মসজিদ, জ্যাকসন হাইটসের মসজিদ নামিরা, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, জ্যামাইকা মুসলিম সেন্টার, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টারের নিউ ইয়র্ক ঈদগাহ, পার্কচেস্টার জামে মসজিদ, ওজনপার্কের মসজিদ আল আমান, ফুলতলী ইসলামিক সেন্টার, এস্টোরিয়ার আল আমিন মসজিদ, ম্যানহাটনের মদিনা মসজিদ, আসসাফা ইসলামিক সেন্টার, বায়তুল জান্নাহ মসজিদ, ফুলতলী ইসলামিক সেন্টার এন্ড মসজিদ, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, সানিসাইড মসজিদ, মসজিদ আবু হুরায়রা, দারুস সুন্নাহ জামে মসজিদ, আল ফোরকান জামে মসজিদ, আমেরিকান মুসলিম সেন্টার, শাহজালাল মসজিদ, মসজিদ বিলাল, গাউছিয়া মসজিদ, পার্কচেস্টার ইসলামিক সেন্টার, ব্রঙ্কস মুসলিম সেন্টার, দারুস সুন্নাহ নিউ ইয়র্ক মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার, ব্রুকলীন বাংলাদেশ মুসলিম সেন্টার, বেলাল মসজিদ, সহ বিভিন্ন মসজিদের ব্যবস্থাপনায় ঈদের বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাত উপলক্ষে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

জ্যামাইকার দারুস সালাম মসজিদ

বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকার দারুস সালাম মসজিদে ঈদের চারটি জামাত অনুষ্ঠিত হয় মসজিদের অভ্যন্তরে। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। এ জামাতে ইমামতি করেন মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আব্দুল মুকিত। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এ জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আলী। তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এ জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মাহমুদ এবং শেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টায়। এ জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা আবরার আহমেদ। প্রথম জামাত ছাড়া প্রতিটি জামাতে মহিলারা অংশগ্রহণ করেন। প্রতিটি ঈদ জামাতে সারা বিশ্বের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়।

জ্যামাইকা মুসলিম সেন্টার

নিউ ইয়র্কে বাংলাদেশ মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকার টমাস এডিশন হাই স্কুল মাঠে। ঈদ জামাতে পুরুষ, মহিলাসহ শিশুরা অংশগ্রহণ করেন। জামাতে ইমামতি করেন মাওলানা মির্জা আবু জাফর বেগ এবং খুতবা প্রদান করেন মাওলানা শামসে আলী। মসজিদ কমিটির সভাপতি ডা. নাজমুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ারের পরিচালনায় ঈদ জামাতে বক্তব্য রাখেন-কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মিলিন্ডা ক্যাটসসহ মূলধারার রাজনীতিবিদরা।

নিউ ইয়র্ক ঈদগাহ

নিউ ইয়র্ক ঈদগাহ মুসলিম কমিউনিটির জন‍্য প্রকৃত সুন্নাহ মোতাবেক ঈদ পালন ও উদযাপনের লক্ষ্যে ২০১১ সাল থেকে ঈদগাহর কর্মসূচি চালু করেছে, তারই ধারাবাহিকতায় এবারের ঈদ আল আদহার নামাজের ৬টি জামাত নিউ ইয়র্কের মিনি বাংলাদেশ বলে খ‍্যাত বাংলাদেশি অধ‍্যুষিত জ‍্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতটি ঠিক সকাল ৬টায় অনুষ্ঠিত হওয়ার পর প্রতি ঘণ্টা অন্তর একটি করে জামাত অনুষ্ঠিত হয়। শেষ জামাতটি বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। পুরুষদের পাশাপাশি প্রচুর সংখ‍্যক শিশু মুসল্লি ও নারীরাও জামাতসমূহে অংশগ্রহণ করেছেন।

যারা নিউ ইয়র্ক ঈদগাহে এসে ঈদের নামাজ সব সময় এবং এবারও আদায় করেছেন, নিউ ইয়র্ক ঈদগাহর প্রতিষ্ঠাতা ইমাম কাজী কায়‍্যূম তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, নবী মুহাম্মদের (সা.) ঘোষণা অনুযায়ী বিশ্বের সব মুসলমান একটি মানব দেহের মতো। এর কোনো অংশে আঘাত লাগলে সে আঘাত পুরো দেহেই অনুভূত হয়। ঠিক তদ্রূপ বিশ্বের কোথাও মুসলমানরা যদি সঠিক ধর্মীয় নেতৃত্বের অভাবে বিভ্রান্ত হয়ে ইসলামের সৌন্দর্যকে ভিন্নভাবে উপস্থাপন করেন, তখন এর প্রতিফলন কোনো না কোনা মুসলিম জনগোষ্ঠীর ওপর গিয়ে বর্তায়। উদাহরণ স্বরূপ তিনি ভারত, ফিলিস্তিন কিংবা বিশ্বের যেকোনো প্রান্তে মুসলমানদের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য পশ্চিমা দেশে বসবাসরত মুসলমানদের ইসলামি তমদ্দুন ও তাহজিব সমুন্নত রাখার পরামর্শ প্রদান করেন। নিউ ইয়র্ক ঈদগাহর ঈদ জামাতে বিশেষ সহযোগিতার জন্য তিনি গোল্ডেন এজ হোম কেয়ারকে ধন্যবাদ জানান।

ইমাম কাজী কায়‍্যূম আগামী ঈদসমূহেও ডাইভার্সিটি প্লাজায় এসে ঈদ উদযাপন করে নিউ ইয়র্ক ঈদগাহর কার্যক্রমকে চালু রাখার জন্য সবার প্রতি আকুল আহ্বান জানান।

প্রতিটি জামাতেই বিশ্ব মানবতার ও বিশেষ করে পশ্চিমা দেশে বসবাসরত মুসলমানদের ও তাদের নতুন প্রজন্মের কল্যাণের জন‍্য বিশেষ প্রার্থনা-মোনাজাত করা হয়।

ওজনপার্কে ঈদ জামাত

মসজিদ আল আমান: ফরবেল স্ট্রিটে অবস্থিত মসজিদ আল আমানে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত ছিল সকাল ৭টা ইমামতি করেন শেখ সুয়াইব আহমদ। ২য় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়, ইমামতি করেন মসজিদের ইমাম মোহাম্মদ আলী।

আল ফোরকান মসজিদ: ৭৬ গ্লীন মোড়ে অবস্থিত আল ফোরকান মসজিদে সকাল সাড়ে ৭টা ও সকাল সাড়ে ৮টায় ২টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমাম ছিলেন মাওলানা জাকারিয়া এবং ২য় জামাত ইমাম ছিলেন আজিম উদ্দিন। 

ফুলতলী জামে মসজিদ: স্থানীয় পিএস ৬৪ সংলগ্ন মাঠে সকাল ৮টা ১৫ মিনিটে ১টি জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মসজিদের খতিব ও ইমাম মোহাম্মদ আবদুল আলীম।

বাংলাবাজার মসজিদের জামাতে সিটি মেয়র মামদানি ও কংগ্রেসওম্যান ওকাসিও

নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে বাংলাবাজার মসজিদের উদ্যোগে খোলা মাঠের বিশাল জামাতে নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি ও ইউএস কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তারা বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানান। এদিকে নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে খোলা মাঠে পবিত্র ঈদুল আজহার বিশাল জামাত অনুষ্ঠিত হয়। মসজিদের নিকটবর্তী খোলা মাঠে (পিএস ১০৬, ২১২০ সেইন্ট রেমন্ডস অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক ১০৪৬২) এদিন সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক মুসল্লি এ জামাতে অংশ নেন।

নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি, কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ও মেয়র অফিসের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মির বাশারএ বিশাল জামাতে শুভেচ্ছা বক্তব্য রাখেন। জোহরান মামদানি বাংলাবাজার থেকে ইয়াংকি স্টেডিয়ামের কাছে ম্যাকোম্ব ড্যাম পার্কের সকার ফিল্ডে যান। গ্রান্ড কনকোর্সের একটি আফ্রিকান মসজিদের এ জামাতে তিনি ঈদের নামাজ পড়েন।

মেয়র মামদানি পানজাবির স্টাইলে বানানো লন্ডনের বিশ্ববিখ্যাত ফুটবল টিম আর্সেনালের নতুন জার্সি পরে এই জামাতে এলেন। মেয়র জোহরান মামদানি হযরত ইব্রাহিম (আ.)-এর কথা স্মরণ করে বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দিয়েছে। তিনি বলেন, নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে আমি ঐক্য ও সাম্যের লেন্স দিয়ে সবাইকে দেখতে চাই, যেখানে প্রত্যেক নগরবাসী যেন এ সিটিকে তাদের নিজের সিটি ভাবতে পারে, যাতে তারা এ সিটিতে সবকিছু পাওয়ার সুযোগ পায়।

মেয়র মামদানি বলেন, আমি সুরা আল-ইমরানের ১০৩ আয়াত উদ্ধৃত করে বলতে চাই ‘আল্লাহর রজ্জু শক্ত হাতে ধরে রাখো সকলে মিলে, কখনো বিভক্ত হয়ো না’। তিনি বলেন, আমাদের আজকের স্যাক্রিফাইস কেবল বৃহত্তর শান্তিই বয়ে আনবে না, বৃহত্তর সম্ভাবনার দ্বারও খুলে দেবে।

কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ বলেন, এটা আমার ডিস্ট্রিক্ট। আমার ডিস্ট্রিক্টে বাংলাদেশিরা সব দিক দিয়েই উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। আমি যেকোনো প্রয়োজনে যেমন বাংলাদেশিদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। নামাজে ইমামতি, খুতবা ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া। এ সময় বাংলাবাজার ইসলামিক সেন্টারের হাফিজ বদরুল আলম সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। তারা ঈদুল আজহার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। নামাজ শেষে মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

বাংলাবাজার মসজিদের সাধারণ সম্পাদক লালন আহমেদের পরিচালনায় জামাতের পূর্বে বক্তব্য রাখেন- মসজিদের সভাপতি ডা. আবদুস সবুর, প্রধান উপদেষ্টা মো. ফখরুল ইসলাম ও ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান আলমাছ আলী। এসময় তাদের সঙ্গে ছিলেন মসজিদের কোষাধ্যক্ষ ইকবাল হোসেন। সভাপতি ডা. আবদুস সবুর মসজিদের প্রস্তাবিত বহুতল ভবণ নির্মান প্রকল্পের সর্বশেষ অবস্থা তুলে ধরে বলেন, বাংলাবাজার জামে মসজিদের ক্রয়কৃত পার্শ্ববর্তী ৫ হাজার স্কয়ারের খালি জায়গার পাশের ফিউনারেল হোমসহ জমিটি ক্রয়ের বিষয়টি এখনো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফিউনারেল হোমসহ জমিটি ক্রয়ের পরই প্রস্তাবিত নতুন বহুতল ভবন নির্মান কাজ শুরু করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। এজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের উদ্যোগে মসজিদ নিকটবর্তী ওভাল পার্কের খোলা মাঠে ঈদুল আজহার বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ ঈদ জামাতে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। নামাজে ইমামতি করেন হাফিজ মোহাম্মদ আলিম উদ্দিন। তিনি ঈদুল আজহা গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।

শেয়ার করুন