০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৩৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসরায়েলের সমালোচনা, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল ও বহিষ্কার অসাংবিধানিক রাজু হত্যার অভিযুক্ত আতোস্তা গ্রেফতার নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দিতে বিল পাস মসজিদে তিন মুসলিম হত্যাকাণ্ড : লিন্ডসের বিরুদ্ধে হত্যার অভিযোগ উল্টো পথে আসা গাড়ির ধাক্কায় বাংলাদেশি মা-মেয়ে নিহত আশ্রয়প্রার্থী শতাধিক অভিবাসীকে আফ্রিকার ৮ দেশে পাঠালো যুক্তরাষ্ট্র ডাকা প্রাপকদের গ্রিনকার্ড প্রাপ্তিতে বাড়তে পারে জটিলতা নাগরিকত্ব প্রত্যাশীদের জন্য ‘নেইবারহুড ইনভেস্টিগেশন’ ৩৫ বছর পর আবার চালু করলো ইউএসসিআইএস নিউইয়র্কে একের পর এক অপরাধ


নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২৬
নিউইয়র্কে মাদকে মৃত্যু ৪৫ শতাংশ কমেছে মাদকাসক্তি মোকাবিলায় নিউ ইয়র্ক স্টেট প্রায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করার ঘোষণা দেন গভর্নর ক্যাথি হোচুল


নিউইয়র্ক স্টেটে মাদক ও ভারডোজে মৃত্যু গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। গভর্নর ক্যাথি হোচুল জানিয়েছেন, ২০২২ সালের তুলনায় ২০২৫ সালে অঙ্গরাজ্যে ওভারডোজে মৃত্যুর সংখ্যা প্রায় ৪৫ শতাংশ কমেছে। আন্তর্জাতিক ওভারডোজ সচেতনতা দিবস উপলক্ষে ৩১ অগাস্ট সোমবার এ তথ্য জানান হোচুল। মাদকাসক্তি মোকাবিলায় নিউ ইয়র্ক স্টেট প্রায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করার ঘোষণা দেন তিনি।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, নিউইয়র্কে ওভারডোজে মৃত্যুর সংখ্যা ২০২২ সালে ৬ হাজার ৬৩০ জনের বেশি ছিল। ২০২৫ সালে তা কমে আনুমানিক ৩ হাজার ৭৭৫ জনে দাঁড়িয়েছে। অর্থাৎ ২০২২ সালে প্রতিদিন গড়ে প্রায় ১৮ জনের মৃত্যু হলেও ২০২৫ সালে তা কমে প্রায় ১০ জনে নেমেছে।

গভর্নর হোচুল বলেন, মাদকাসক্তি ও ওভারডোজ মোকাবিলায় সরকারের বড় ধরনের বিনিয়োগ ফল দিতে শুরু করেছে। তবে এখনো প্রতিদিন নিউইয়র্কবাসী ওভারডোজে মারা যাচ্ছেন এবং সংকট মোকাবিলায় আরও কাজ প্রয়োজন। হোচুল প্রশাসন ২০২৩ অর্থবছর থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ কোটি ডলার ওপিওয়েড নিষ্পত্তি তহবিল বিভিন্ন কর্মসূচিতে বরাদ্দ করেছে। রাজ্য সরকারের দাবি, মাদকাসক্তি প্রতিরোধ, চিকিৎসা, ক্ষতি কমানো এবং পুনর্বাসন কর্মসূচিতে এই বিনিয়োগ দেশের যেকোনো অঙ্গরাজ্যের তুলনায় সবচেয়ে বড়। এই অর্থ দিয়ে মাদকাসক্তির চিকিৎসায় ওষুধের ব্যবহার সম্প্রসারণ, উচ্চঝুঁকিতে থাকা ব্যক্তিদের চিকিৎসার সঙ্গে যুক্ত করা, পুনর্বাসন কেন্দ্র পরিচালনা, কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ এবং জনসচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে।

ওভারডোজ মোকাবিলায় নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগ অঙ্গরাজ্যজুড়ে ১ হাজার ৪০০টির বেশি নিবন্ধিত কর্মসূচি এবং ৬ হাজারের বেশি সেবা কেন্দ্র পরিচালনা করছে। এসব কেন্দ্র থেকে বিনামূল্যে ওভারডোজ প্রতিরোধের প্রশিক্ষণ এবং নালোক্সোন দেওয়া হয়। ২০২২ সালের আগস্ট থেকে এসব কর্মসূচির মাধ্যমে ১৪ লাখের বেশি নালোক্সোন কিট সরবরাহ করা হয়েছে। এ ছাড়া আসক্তি সৃষ্টিকারী মাদকে ফেন্টানিল ও জাইলাজিনের উপস্থিতি শনাক্ত করতে রাজ্যের ড্রাগ চেকিং কর্মসূচিও চালু রয়েছে। ২০২৩ সালের মে থেকে এ কর্মসূচিতে ৫ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২০২১ সাল থেকে নিউইয়র্কের ২৭টি কাউন্টিতে মেথাডোন চিকিৎসার সুযোগ সম্প্রসারণ করা হয়েছে। এর মধ্যে ১৪টি কাউন্টিতে আগে কোনো মেথাডোন কর্মসূচি ছিল না। উচ্চঝুঁকির এলাকায় চিকিৎসা পৌঁছে দিতে রাজ্য পাঁচটি মোবাইল চিকিৎসা ইউনিট পরিচালনা করছে এবং আরও চারটি ইউনিট চালুর প্রক্রিয়ায় রয়েছে।

কারাগার ও সংশোধনাগারেও আসক্তির চিকিৎসা সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে নিউইয়র্কের ৫৮টি জেল ও ৪১টি কারাগারে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন অনুমোদিত সব ধরনের ওষুধভিত্তিক আসক্তি চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে ১৬ হাজারের বেশি কারাবন্দি চিকিৎসা পাওয়ার সুযোগ পাচ্ছেন। আন্তর্জাতিক ওভারডোজ সচেতনতা দিবস উপলক্ষে ৩১ আগস্ট সোমবার রাতে নিউইয়র্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বেগুনি আলোয় আলোকিত করা হয়। এর মধ্যে রয়েছে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এম্পায়ার স্টেট প্লাজা, নায়াগ্রা ফলস, গভর্নর মারিও এম. কুওমো ব্রিজ, কসিয়াসকো ব্রিজ, গ্র‍্যান্ড সেন্ট্রাল টার্মিনাল-পার্শিং স্কয়ার ভায়াডাক্ট, ময়নিহান ট্রেন হল এবং রুজভেল্ট আইল্যান্ড লাইটহাউস।

নিউইয়র্ক স্টেট কর্মকর্তারা বলেন, ওভারডোজে মৃত্যুর হার কমলেও সংকট এখনো শেষ হয়নি। বিশেষ করে উচ্চঝুঁকির এলাকায় চিকিৎসা ও ক্ষতি কমানোর সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। গভর্নর হোচুল বলেন, প্রতিটি ওভারডোজ মৃত্যু একটি পরিবার ও একটি সম্প্রদায়ের জন্য অপূরণীয় ক্ষতি। তাই মৃত্যুর সংখ্যা কমার এই অগ্রগতিকে ধরে রেখে নিউইয়র্কে ওভারডোজমুক্ত ভবিষ্যৎ গড়তে কাজ অব্যাহত থাকবে।

শেয়ার করুন