১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০৫:০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :


মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২৬
মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড দোষী সাব্যস্ত অ্যারন মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত


ওয়াশিংটন স্টেটের রেন্টনে ২০২৪ সালে একটি বিগ ফাইভ স্পোর্টিং গুডস দোকানের বাইরে মুসলিম বিদ্বেষে ১৭ বছর বয়সী হাজরত আলী রোহানিকে গুলি করে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত অ্যারন মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত মায়ার্সকে দ্বিতীয় ডিগ্রির হত্যা এবং দ্বিতীয় ডিগ্রির হামলার অভিযোগে দোষী সাব্যস্ত করে। তাকে ২০৮ মাস বা প্রায় ১৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এর সঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহারের জন্য আরো ৮ বছরের সাজা যোগ হয়েছে। সব মিলিয়ে তার মোট সাজা প্রায় ২৫ বছর।

২০২৪ সালের ওই ঘটনায় রোহানি এবং আরো দুই কিশোর একটি বিগ ফাইভ স্পোর্টিং গুডস দোকানে যাচ্ছিল। তারা তাদের কাছে থাকা বিবি গান ফেরত দেওয়া বা পরিবর্তন করার উদ্দেশ্যে দোকানে যাচ্ছিল বলে তদন্তে জানা যায়।

আদালতের তথ্য অনুযায়ী, মায়ার্স তখন একজন অফ-ডিউটি নিরাপত্তাকর্মী ছিলেন। তিনি কিশোরদের কাছে গিয়ে তাদের কাছে থাকা বন্দুক নিয়ে প্রশ্ন করেন। কিশোররা একাধিকবার তাকে বোঝানোর চেষ্টা করে যে সেগুলো আসল আগ্নেয়াস্ত্র নয়, বরং বিবি গান। কিন্তু প্রসিকিউটরদের অভিযোগ, মায়ার্স তাদের বক্তব্য উপেক্ষা করে পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তোলেন।

কিং কাউন্টির প্রসিকিউটররা আদালতে বলেন, ছেলেরা তার কথা শুনেছিল। মায়ার্সই তাদের কথা উপেক্ষা করেছিলেন।এরপর মায়ার্স মোট ১০টি গুলি ছোড়েন। এর মধ্যে সাতটি গুলি রোহানির শরীরে লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কিং কাউন্টির প্রসিকিউটর এলেইন লি আদালতে বলেন, মায়ার্স মূলত অনুমানের ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছিলেন। তার ভাষ্য অনুযায়ী, বিগ ফাইভের দিকে বিবি গান হাতে এগিয়ে আসা কিশোরদের দেখেই মায়ার্স তাদের অপরাধী হিসেবে ধরে নিয়েছিলেন।প্রসিকিউশন আরো জানায়, মায়ার্সের কোনো আইন প্রয়োগকারী ক্ষমতা ছিল না এবং কিশোরদের মুখোমুখি হওয়ার সময় তিনি ওই শপিং সেন্টারে নিরাপত্তার দায়িত্বেও ছিলেন না।

গত ২ সেপ্টেম্বরের শুনানিতে মায়ার্সের আইনজীবী আদালতের কাছে একটি ব্যতিক্রমী সাজা দেওয়ার আবেদন করেন। এতে স্টেটের সুপারিশ করা সাজার চেয়ে কম সময় কারাগারে রাখার সুযোগ তৈরি হতো।আসামিপক্ষের দাবি ছিল, ২০২৪ সালের ঘটনার সময় মায়ার্সের পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) তার আচরণে ভূমিকা রেখেছিল। তবে বিচারক সেই আবেদন প্রত্যাখ্যান করেন।

সাজা ঘোষণার সময় রোহানির পরিবারের সদস্য ও সমর্থকরা তার ছবি হাতে আদালতে উপস্থিত ছিলেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল—সে ভালোবাসার মানুষ ছিল, আমরা ন্যায়বিচার চাই এবং আলী, আমরা তোমাকে মিস করি। রোহানির বাবা আদালতে দেওয়া এক ভিকটিম-ইমপ্যাক্ট স্টেটমেন্টে জানান, ছেলেটি ছোট থাকতেই পরিবার আফগানিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্রে এসেছিল। তাদের লক্ষ্য ছিল আরো ভালো সুযোগ এবং নিরাপদ জীবন তৈরি করা।পরিবারের এক বন্ধুর মাধ্যমে আদালতে পড়ে শোনানো ওই বিবৃতিতে রোহানির বাবা বলেন, তার ছেলে মানুষকে আনন্দ দিতে এবং তাদের গুরুত্বপূর্ণ মনে করাতে ভালোবাসত। তিনি বলেন, রোহানি ছিল তাদের পরিবারের জন্য আশীর্বাদ।

পরিবারের সদস্যরা জানান, রোহানির স্বপ্ন ছিল মেডিকেল স্কুলে ভর্তি হয়ে একজন সার্জন হওয়া। রোহানি পরিবারের প্রতিবেশী ড. রবার্ট অলরেড আদালতে বলেন, রোহানি তার সঙ্গে চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে কথা বলেছিল। এমনকি তিনি কিশোরটির জন্য একটি মেডিকেল ক্লিনিকে চিকিৎসকদের কাজ কাছ থেকে দেখার সুযোগ করে দেওয়ার চেষ্টা করছিলেন। রোহানির যে ভবিষ্যৎ আর কখনো ফিরে আসবে না, সাজা ঘোষণার সময় বিচারকও সেই বিষয়টি তুলে ধরেন।বিচারক বলেন, আলীর বড় হয়ে ওঠার অধিকার ছিল।

আদালতের বাইরে রোহানির ১৬ বছর বয়সী ছোট ভাই সামিউল্লাহ রোহানি বলেন, বারবার বড় ভাইয়ের ছবি দেখতে থাকা তার জন্য অত্যন্ত কষ্টকর।তিনি বলেন, বারবার তার ছবি দেখা খুব কষ্ট দেয়। মনে হয় ঘটনাটি যেন আবার প্রথমবার শুনছি।সামিউল্লাহ জানান, তার বড় ভাইয়ের স্বপ্ন ছিল সার্জন হওয়া, কারণ তিনি মানুষের জীবন বাঁচাতে চেয়েছিলেন।

ভাইয়ের দৈনন্দিন জীবনের স্মৃতিও স্মরণ করেন সামিউল্লাহ। তিনি জানান, রোহানি রাত জেগে গান শুনতে এবং রাতে দেরি করে অ্যাসাইনমেন্ট করতে পছন্দ করতেন। তার একটি প্রিয় উক্তিও ছিল সময়মতো না এলে আপনি দেরি করে ফেলেছেন।সামিউল্লাহ বলেন, তার বড় ভাই তাকে জীবনের অনেক কিছু শিখিয়েছেন এবং আমি আজ যে মানুষ, তার পেছনে আমার ভাইয়ের বড় ভূমিকা রয়েছে। সাজা ঘোষণার পর আদালতের বাইরে গণমাধ্যমের পক্ষ থেকে রোহানির বাবা জামালউদ্দিন রোহানিকে প্রশ্ন করা হয়, তিনি মনে করেন কি না যে তার পরিবার ন্যায়বিচার পেয়েছে। জবাবে তিনি সংক্ষেপে বলেন, হ্যাঁ।

শেয়ার করুন