০৪ মার্চ ২০২৬, বুধবার, ০৮:৪৪:৫৭ অপরাহ্ন


অসদাচরণ মামলায় এনওয়াইপিডি’র ১১৭ মিলিয়ন ক্ষতিপূরণ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২৬
অসদাচরণ মামলায় এনওয়াইপিডি’র ১১৭ মিলিয়ন ক্ষতিপূরণ এনওয়াইপিডি


নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে দায়ের করা মামলাগুলো নিষ্পত্তি করতে ২০২৫ সালে করদাতাদের ১১৭ মিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে। গত ২ মার্চ সোমবার লিগ্যাল এইড সোসাইটি কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, টানা চতুর্থ বছরের মতো এ খাতে ক্ষতিপূরণের পরিমাণ ১০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে, নিউ ইয়র্ক সিটিতে পুলিশি জবাবদিহি ও সংস্কার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সংগঠনটির আইনজীবী জেনভিন ওং বলেন, এনওয়াইপিডির ভেতরে জবাবদিহির ঘাটতি থাকায় পুলিশ অসদাচরণের সমস্যা অব্যাহত রয়েছে। বিশেষ করে যেসব অভিযোগ বড় শিরোনাম হয় না, সেসব ক্ষেত্রে কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায়ই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না বলে তিনি মন্তব্য করেন। তার ভাষায়, দায়মুক্তির সংস্কৃতি বন্ধে কার্যকর জবাবদিহি নিশ্চিত করা জরুরি। ২০২২ সালে আদালতের নির্দেশে এনওয়াইপিডির সংস্কার তদারকির জন্য নিয়োগ পাওয়া ফেডারেল মনিটর মাইলান ডেনারস্টেইনও সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করেন, তত্ত্বাবধায়ক কর্মকর্তারা বারবার বেআইনি থামানো, তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শনাক্ত করতে ব্যর্থ হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে মোট ১,০৪৪টি মামলা নিষ্পত্তি হয়েছে, যার বেশিরভাগই বিচার শুরুর আগেই মীমাংসা করা হয়। মোট পরিশোধের পরিমাণ দাঁড়ায় ১১৭,২৫১,২৩০ ডলার ৮২ সেন্ট। তবে নোটিস অব ক্লেইম দাখিলের পর কিন্তু মামলা আনুষ্ঠানিকভাবে দায়েরের আগেই যেসব সমঝোতা হয়েছে, সেগুলো এই হিসাবে ধরা হয়নি।

গত বছর অন্তত ১৭টি মামলায় এক মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ দিতে হয়েছে। এর মধ্যে ১৩ মিলিয়ন ডলার পান এরিক স্মোকস এবং ১১.১৩ মিলিয়ন ডলার পান ডেভিড ওয়ারেন। ১৯৮৭ সালে টাইমস স্কোয়ারে এক ফরাসি পর্যটক হত্যার মামলায় দণ্ডিত হয়ে দীর্ঘ কারাদন্ড ভোগের পর ২০২৪ সালে তারা নিজেদের নির্দোষ প্রমাণে সক্ষম হন।

আরেকটি আলোচিত মামলায় ট্যারন পারকিনসন ৫.২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পান। ২০১৪ সালে ১৮ বছর বয়সে তাকে একটি আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, যা পরে ভুয়া প্রমাণের অভিযোগে বাতিল হয়। ২০২১ সালে কুইন্সের এক বিচারক দুর্নীতিগ্রস্ত তিন পুলিশ কর্মকর্তার কার্যকলাপের কারণে ৬০টি দন্ডাদেশ বাতিল করেন, যার মধ্যে পারকিনসনের মামলাও ছিল। সংশ্লিষ্ট এক কর্মকর্তা বরখাস্ত হন এবং আরেকজন প্রশাসনিক বিচারের আগেই পদত্যাগ করেন।

এনওয়াইপিডির এক মুখপাত্র জানান, গত বছরের সবচেয়ে বড় অঙ্কের অর্থ পরিশোধ করা হয়েছে বহু বছর আগের ভুল দন্ডাদেশ সংক্রান্ত মামলায়, যেগুলো সম্প্রতি বাতিল হয়েছে। তিনি বলেন, পুলিশ কমিশনার জেসিকা টিশ অসদাচরণ কমাতে নানা পদক্ষেপ নিয়েছেন, যার মধ্যে রয়েছে গাড়ি ধাওয়া সংক্রান্ত নীতিমালা কঠোর করা।

অতিরিক্ত বলপ্রয়োগের একটি মামলায় ব্রিগিড পিয়ার্স নামে এক নারী ২.৫ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ পান। ২০২০ সালে ব্রুকলিনে জর্জ ফ্লয়েডের মৃত্যু ঘিরে বিক্ষোভের সময় এক পুলিশ কর্মকর্তা তাকে মাটিতে আছাড় মারেন বলে অভিযোগ। এতে তার মস্তিষ্কে আঘাত লাগে। ফেডারেল জুরি তার পক্ষে রায় দেওয়ার পর সিটি কর্তৃপক্ষ আপিল না করার সিদ্ধান্ত নেয়।

লিগ্যাল এইড সোসাইটির মতে, নিম্নমাত্রার অপরাধে কঠোর আইন প্রয়োগ নীতি অব্যাহত থাকলে ভবিষ্যতেও করদাতাদের বড় অঙ্কের ক্ষতিপূরণ গুণতে হতে পারে। সংস্থাটি প্রস্তাব করেছে, এসব সমঝোতার অর্থ সিটির সাধারণ বাজেটের পরিবর্তে সরাসরি এনওয়াইপিডির পরিচালন বাজেট থেকে কাটা হলে জবাবদিহি বাড়তে পারে।

বিশ্লেষকদের মতে, পুলিশ সংস্কার ও কার্যকর তদারকি নিশ্চিত না হলে এনওয়াইপিডি সংশ্লিষ্ট মামলার আর্থিক চাপ আগামী বছরগুলোতেও অব্যাহত থাকতে পারে।

শেয়ার করুন