১৩ মে ২০২৬, বুধবার, ০৯:০৪:৫৭ অপরাহ্ন


আল-আমান মসজিদের নির্বাচন ৩১ মে, সমঝোতার শেষ চেষ্টা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৫-২০২৬
আল-আমান মসজিদের নির্বাচন ৩১ মে, সমঝোতার শেষ চেষ্টা প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন প্রার্থীদের নাম ঘোষণা করছেন


ওজনপার্কের আল-আমান মসজিদের ১৭ সদস্যবিশিষ্ট মসজিদ পরিচালনা কমিটি গঠনে সিলেকশন প্রক্রিয়া সিদ্ধান্ত ছাড়াই সম্মিলিত বৈঠক শেষ হয়েছে। গত ১০ মে বাদ এশা ১৭ সদস্যবিশিষ্ট মসজিদ পরিচালনা কমিটি গঠনে মনোনয়নপত্র দাখিল করা ৫৪ জন প্রার্থী নিয়ে নির্বাচন কমিশন ও উপদেষ্টারা যৌথ বৈঠকের আয়োজন করেন মসজিদের ২য় তলায়। গভীর রাত অবধি বৈঠকে পরিচালনা কমিটি গঠনে ঐকমত্যে পৌঁছানো ছাড়াই শেষ হয়। এমতাবস্থায় সমঝোতা না হওয়ায় নির্বাচন কমিশন আগামী ৩১ মে নির্বাচনের তারিখ ঘোষণা করেন। 

সে লক্ষ্যে আগামী ১৫ মে নির্বাচন কমিশন বাদ জুমা নির্বাচনী বিধিমালা ঘোষণা করবেন। কমিশনের এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কমিউনিটির পক্ষে বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, আব্দুল মান্নান ও মসজিদ কমিটির উপদেষ্টা আনোয়ার খান ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠনে দুদিন কমিশনের কাছ থেকে সময় নেন। উল্লিখিত ব্যক্তিরা ইতোমধ্যেই তাদের কাজ শুরু করেছেন। কারণ শুক্রবারের মধ্যেই নির্বাচন কমিশনের কাছে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি হস্তান্তর করতে হবে। অন্যথায় কমিশনের হাতে একমাত্র পথ নির্বাচন। এ দিকে মসজিদের জুডিশিয়ারি কমিটির তিনটি পদের জন্য ৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। ৮ জন থেকে তিনজন মনোনীত করা হয়েছে। মনোনীতরা হলেন-আব্দুর রউফ মুকুল, শামছুল আবদীন, মোহাম্মদ আব্দুন নুর। 

মসজিদ পরিচালনার জন্য আগ্রহী প্রার্থীরা গত ১০ মে বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজের বিরতি) মসজিদের বেজমেন্টে মনোনয়নপত্র নির্বাচন কমিশনের কাছে জমা দেয়। মনোনয়নপত্র জমা পড়ে সংগৃহীত ৮০টির মধ্যেই ৫৪টি। কমিশন যাচাই-বাছাই করে সব মনোনয়নপত্র সঠিক উল্লেখ করে নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন-নির্বাচন কমিশনের সদস্য আবু নাসের খলিল উদ্দীন ও আলহাজ বাবর উদ্দীন। কমিশনের বাইরে সাহায্যকারী হিসেবে ছিলেন আনোয়ার হোসেন অনু। 

এবারে মসজিদ পরিচালনা কমিটিতে নতুনদের অংশগ্রহণের ইচ্ছা পরিলক্ষিত হচ্ছে। অনেকে এ অংশগ্রহণকে নতুন প্রজন্মের এগিয়ে আসার ইঙ্গিত বলে মনে করেন। 

শেয়ার করুন