০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৬:৪৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৬-২০২৬
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল একটি মাত্র ইনজেকশনে ভের্ভ ১০২ এলডিএল বা খারাপ কোলেস্টেরল সর্বোচ্চ ৬২ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম হয়েছে


হৃদরোগ প্রতিরোধে চিকিৎসাবিজ্ঞানে বড় ধরনের অগ্রগতির ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মা জায়ান্ট এলি লিলি জানিয়েছে, তাদের পরীক্ষামূলক জিন এডিটিং থেরাপি এক ডোজেই খারাপ এলডিএল কোলেস্টেরল ৬২ শতাংশ পর্যন্ত কমাতে সক্ষম হয়েছে। প্রাথমিক ক্লিনিক্যাল পরীক্ষার ফলাফল অনুযায়ী, এ চিকিৎসা গ্রহণের পর অংশগ্রহণকারীদের শরীরে দীর্ঘমেয়াদী প্রভাব দেখা গেছে। কিছু রোগীর ক্ষেত্রে ১৮ মাস পরও কোলেস্টেরল কম থাকার প্রমাণ মিলেছে। গবেষণায় ব্যবহৃত এই ওষুধটির নাম ভের্ভ ১০২। এটি শরীরের একটি নির্দিষ্ট জিন পিসিএসকে৯ নিষ্ক্রিয় করে কাজ করে, যা রক্তে এলডিএল কোলেস্টেরল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জিন বন্ধ হয়ে গেলে লিভার বেশি কার্যকরভাবে কোলেস্টেরল অপসারণ করতে পারে।

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক প্রাথমিক গবেষণায় ৩৫ জন রোগীকে পর্যবেক্ষণ করা হয়, যাদের হৃদরোগ ছিল বা জেনেটিক কারণে উচ্চ কোলেস্টেরলের সমস্যা ছিল। গবেষণায় দেখা যায়, সর্বোচ্চ ডোজ গ্রহণকারীদের ক্ষেত্রে রক্তে পিসিএসকে৯ প্রোটিনের মাত্রা ৮৮ শতাংশ পর্যন্ত কমে যায় এবং কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি প্রচলিত স্ট্যাটিন বা পিসিএসকে৯ ইনহিবিটার ওষুধের তুলনায় আরো দীর্ঘস্থায়ী প্রভাব দিতে পারে। কারণ প্রচলিত চিকিৎসায় কোলেস্টেরল নিয়ন্ত্রণ থাকলেও সময়ের সঙ্গে তা আবার বেড়ে যেতে পারে, কিন্তু এ থেরাপিতে দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের সম্ভাবনা রয়েছে।

হৃদরোগ বিশেষজ্ঞ রিয়াজ প্যাটেল এক মন্তব্যে এ চিকিৎসা সম্পর্কে বলেন, এই ওষুধটি ডিএনএর একটি ক্ষুদ্র অংশ বন্ধ করে দেয়, আর তার ফলেই সারা জীবনের জন্য এলডিএল কোলেস্টেরল অর্ধেকের বেশি কমে যেতে পারে। এটি সত্যিই একবারের চিকিৎসা, একেবারে ‘ওয়ান অ্যান্ড ডান’ ধরনের সমাধান হতে পারে। তবে চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, এটি এখনো প্রাথমিক পর্যায়ের গবেষণা। ৩৫ জন রোগীর ওপর করা পরীক্ষার ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো যায় না যে এটি ব্যাপকভাবে সব রোগীর জন্য নিরাপদ বা কার্যকর হবে। গবেষণার পরবর্তী ধাপে দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চালু করার পরিকল্পনা রয়েছে, যা আগামী বছরের শেষ নাগাদ শুরু হতে পারে বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এলডিএল কোলেস্টেরল রক্তনালিতে প্লাক তৈরি করে, যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। তাই দীর্ঘমেয়াদে কোলেস্টেরল নিয়ন্ত্রণকে হৃদরোগ প্রতিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হিসেবে ধরা হয়।

এ নতুন চিকিৎসা পদ্ধতি বিশেষ করে এমন তরুণ রোগীদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, যাদের জেনেটিক কারণে উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি রয়েছে। তবে গবেষকরা বলছেন, ডিএনএ পরিবর্তনকারী দীর্ঘমেয়াদি চিকিৎসা সব বয়সের রোগীর জন্য উপযুক্ত নাও হতে পারে, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এর ঝুঁকি আরো ভালোভাবে মূল্যায়ন করতে হবে। চিকিৎসা বিশ্লেষকদের মতে, যদি ভবিষ্যতের বড় ট্রায়ালে এই ফলাফল নিশ্চিত হয়, তাহলে এটি হৃদরোগ চিকিৎসায় একটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে এবং দীর্ঘমেয়াদি ওষুধ গ্রহণের প্রয়োজন অনেকাংশে কমিয়ে দিতে পারে।

শেয়ার করুন