নিউ ইয়র্ক সিটি ট্যাক্সি
নিউ ইয়র্ক সিটিতে উবার, লিফট, ব্ল্যাক কার, লিভারি ও ইয়েলো ট্যাক্সি চালকদের জন্য ব্যক্তিগত আঘাতজনিত বীমা বা পার্সোনাল ইনজুরি প্রোটেকশন (পিআইপি) কভারেজ সম্প্রতি ২ লাখ ডলার থেকে কমিয়ে ১ লাখ ডলারে নামিয়ে আনা হয়েছে। লোকাল ল ৯০ অব ২০২৫-এর আওতায় কার্যকর হওয়া এ পরিবর্তনের ফলে টিএলসি ড্রাইভারদের বীমা প্রিমিয়াম কিছুটা কমার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে একই সঙ্গে বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে কভারেজ কমে যাওয়ায় দুর্ঘটনার ক্ষেত্রে আর্থিক সুরক্ষাও সীমিত হয়ে আসতে পারে। এ পরিবর্তনের ফলে চালকদের জন্য অতিরিক্ত অ্যাডিশনাল পার্সোনাল ইনজুরি প্রোটেকশন (এপিআইপি) কভারেজের গুরুত্ব আরো বেড়ে গেছে। তারা বলছেন, প্রিমিয়াম ব্যয় কিছুটা কমলেও দুর্ঘটনার সময় চিকিৎসা ব্যয়, আয় ক্ষতি এবং পুনর্বাসন খরচ মোকাবিলার জন্য অতিরিক্ত সুরক্ষা বিবেচনা করা এখন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এপিআইপি বা অ্যাডিশনাল পারসোনাল ইনজুরি প্রোটেকশন হলো নিউ ইয়র্কের নো ফল্ট বীমা ব্যবস্থার একটি ঐচ্ছিক অতিরিক্ত সুবিধা। সাধারণ পিআইপি কভারেজের সীমা শেষ হয়ে গেলে এপিআইপি চিকিৎসা ব্যয়, পুনর্বাসন খরচ, হারানো আয় এবং অন্যান্য অনুমোদিত ব্যয় বহন করতে সাহায্য করে। টিএলসি ড্রাইভারদের ক্ষেত্রে এ কভারেজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তারা প্রতিদিন দীর্ঘ সময় রাস্তায় থাকেন এবং সাধারণ গাড়িচালকদের তুলনায় দুর্ঘটনার ঝুঁকিও বেশি বহন করেন।
নিউ ইয়র্ক স্টেটের নো ফল্ট সিস্টেমে সাধারণত সর্বোচ্চ ৫০ হাজার ডলার পর্যন্ত বেসিক ইকোনমিক লস কভার করা হয়। তবে অনেক ক্ষেত্রে দুর্ঘটনার পর হাসপাতাল বিল, সার্জারি এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যয় এই সীমা অতিক্রম করে যায়। ঠিক এই ঘাটতি পূরণ করতেই এপিআইপি ব্যবহৃত হয়, যা বেসিক পিআইপি সীমার বাইরে অতিরিক্ত অর্থনৈতিক সুরক্ষা প্রদান করে।
এপিআইপি সাধারণত তিনটি প্রধান ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা দিয়ে থাকে। প্রথমত চিকিৎসা ও হাসপাতাল খরচ যেখানে প্রয়োজনীয় সার্জারি, থেরাপি এবং পুনর্বাসন ব্যয় বেসিক পিআইপি সীমা অতিক্রম করলে অতিরিক্ত অর্থ প্রদান করা হয়। দ্বিতীয়ত হারানো আয় নিউ ইয়র্কের স্ট্যান্ডার্ড পিআইপি সাধারণত মাসে সর্বোচ্চ ২ হাজার ডলার পর্যন্ত আয়ের ৮০ শতাংশ প্রদান করে, কিন্তু এপিআইপি এই সীমা বাড়াতে বা দীর্ঘ সময় পর্যন্ত আয়ের ক্ষতি পূরণ করতে পারে। তৃতীয়ত অন্যান্য প্রয়োজনীয় খরচ যেমন চিকিৎসা কেন্দ্রে যাতায়াত, বাড়িতে সহায়তা বা পুনর্বাসন সম্পর্কিত অতিরিক্ত ব্যয়।
তবে এই কভারেজ ব্যবহারের ক্ষেত্রে কঠোর সময়সীমা ও ফাইলিং নিয়ম মানা বাধ্যতামূলক। নো ফল্ট বা এপিআইপি দাবি করতে হলে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে বীমা কোম্পানিকে জানাতে হয়। চিকিৎসা বা সেবার বিল সাধারণত ৪৫ দিনের মধ্যে জমা দিতে হয়। এছাড়া কোনো ক্লেইম পেমেন্ট চেক ইস্যু হলে সেটি ১৮০ দিনের মধ্যে নগদায়ন বা ব্যবহার করতে হয়। এই নিয়মগুলো না মানলে অনেক ক্ষেত্রে দাবি বাতিল হওয়ার ঝুঁকি থাকে।
বীমা শিল্প সংশ্লিষ্টদের মতে, একজন পূর্ণকালীন টিএলসি ড্রাইভারের জন্য দুর্ঘটনার পর সবচেয়ে বড় সমস্যা শুধু হাসপাতালের বিল নয় বরং কাজ করতে না পারার কারণে আয় বন্ধ হয়ে যাওয়া। যদি কোনো ড্রাইভার গুরুতর দুর্ঘটনায় আহত হন এবং কয়েক মাস কাজ করতে না পারেন, তাহলে চিকিৎসা ব্যয়ের পাশাপাশি হারানো আয়ের পরিমাণও কয়েক হাজার বা ১০ হাজার ডলারে পৌঁছতে পারে। এপিআইপি সে আর্থিক ধাক্কা সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অনেক ক্ষেত্রে একটি পরিবারের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে সাহায্য করে।
বীমা এজেন্টদের তথ্য অনুযায়ী, এপিআইপি কভারেজের অতিরিক্ত খরচ সাধারণত ড্রাইভারের বয়স, ড্রাইভিং রেকর্ড, গাড়ির ধরন, বার্ষিক মাইলেজ এবং বীমা কোম্পানির ওপর নির্ভর করে। অনেক ক্ষেত্রে ৫০ হাজার ডলারের অতিরিক্ত এপিআইপি কভারেজের জন্য বছরে প্রায় ৪০০ ডলার পর্যন্ত অতিরিক্ত প্রিমিয়াম দিতে হতে পারে। আবার ১ লাখ ডলারের অতিরিক্ত কভারেজের জন্য খরচ হতে পারে ৮০০ ডলার বা তারও বেশি। তবে এই খরচ নির্দিষ্ট নয় এবং কোম্পানিভেদে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে।
বীমা বিশেষজ্ঞদের মতে, এপিআইপি এর অন্যতম বড় সুবিধা হলো এটি চিকিৎসা ব্যয়ের অতিরিক্ত সুরক্ষা দেয়। গুরুতর দুর্ঘটনায় হাসপাতাল, অস্ত্রোপচার, থেরাপি ও পুনর্বাসনের খরচ দ্রুত ১ লাখ ডলার ছাড়িয়ে যেতে পারে। এছাড়া এপিআইপি হারানো আয়ের একটি অংশ পূরণ করতে সাহায্য করে, যা পরিবারের প্রধান উপার্জনকারী চালকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নো ফল্ট ব্যবস্থার আওতায় ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়াও তুলনামূলক দ্রুত হওয়ায় অনেক ক্ষেত্রে মামলার দীর্ঘ প্রক্রিয়ার অপেক্ষা না করেই চিকিৎসা ব্যয় ও আয়ের ক্ষতির অর্থ পাওয়া সম্ভব হয়।
বিশেষজ্ঞরা বলছেন, যারা সপ্তাহে ৪০ ঘণ্টা বা তার বেশি গাড়ি চালান, যাদের জন্য উবার, লিফট বা ট্যাক্সি চালানোই প্রধান আয়ের উৎস, অথবা যাদের পর্যাপ্ত সঞ্চয় কিংবা বিস্তৃত স্বাস্থ্যবীমা নেই, তাদের জন্য এপিআইপি একটি গুরুত্বপূর্ণ আর্থিক নিরাপত্তা ব্যবস্থা হতে পারে। কারণ একটি বড় দুর্ঘটনা শুধু শারীরিক নয় বরং আর্থিকভাবেও একটি পরিবারকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করতে পারে।
টিএলসি এর নতুন নিয়মে বাধ্যতামূলক কভারেজ কমে যাওয়ায় অনেক ড্রাইভারের বীমা ব্যয় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বীমা বিশেষজ্ঞদের মতে, চালকদের শুধু প্রিমিয়াম সাশ্রয়ের দিকে না তাকিয়ে দুর্ঘটনার পর নিজের ও পরিবারের আর্থিক নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করা উচিত। তাদের ভাষায়, এপিআইপি হয়তো অতিরিক্ত একটি ব্যয়, কিন্তু গুরুতর দুর্ঘটনার সময় এটি একটি ড্রাইভারের জন্য সবচেয়ে মূল্যবান আর্থিক সুরক্ষা হয়ে উঠতে পারে। বর্তমান পরিস্থিতিতে অনেক বিশেষজ্ঞই মনে করেন, বীমা প্রিমিয়ামে কিছু অতিরিক্ত অর্থ ব্যয় করলেও এপিআইপি কভারেজ ধরে রাখা বা নতুন করে যুক্ত করা অনেক টিএলসি ড্রাইভারের জন্য দীর্ঘমেয়াদে লাভজনক সিদ্ধান্ত হতে পারে।