২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৯:১২:৩৩ অপরাহ্ন


ডোরড্যাশের বিরুদ্ধে ১৩১.৫ মিলিয়ন ডলারের রেকর্ড নিষ্পত্তি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৯-২০২৬
ডোরড্যাশের বিরুদ্ধে ১৩১.৫ মিলিয়ন ডলারের রেকর্ড নিষ্পত্তি ডোরড্যাশের বিরুদ্ধে ১৩১.৫ মিলিয়ন ডলারের ঐতিহাসিক ব্যবস্থা ঘোষণা করছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।


নিউইয়র্ক সিটিতে ডেলিভারি কর্মীদের বেতন ও ন্যূনতম পারিশ্রমিক নিয়ে দীর্ঘ তদন্তের পর ডোরড্যাশের কাছ থেকে ১৩১ দশমিক ৫ মিলিয়ন ডলারের নিষ্পত্তি আদায় করেছে মেয়র মামদানি প্রশাসন। এর মধ্যে ১১৫ মিলিয়ন ডলারের বেশি সরাসরি ডেলিভারি কর্মীদের মধ্যে বিতরণ করা হবে এবং ১৬ মিলিয়ন ডলারের বেশি যাবে দেওয়ানি জরিমানা ও প্রশাসনিক খরচ হিসেবে। এই নিষ্পত্তির আওতায় ২ লাখ ৬০ হাজারের বেশি কর্মী ক্ষতিপূরণ পাবেন। নিউইয়র্ক সিটি প্রশাসনের তথ্য অনুযায়ী, এটি নগরীর ইতিহাসে সবচেয়ে বড় শ্রমিক-সংক্রান্ত নিষ্পত্তি এবং যুক্তরাষ্ট্রের কোনো পৌর সরকারের অধীনে ডেলিভারি কর্মীদের জন্য সবচেয়ে বড় নিষ্পত্তি।

মেয়র জোহরান কোয়ামে মামদানি, অর্থনৈতিক ন্যায়বিচারবিষয়ক ডেপুটি মেয়র জুলি সু এবং ডিপার্টমেন্ট অব কনজিউমার অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশনের (ডিসিডব্লিউপি) কমিশনার স্যামুয়েল এ.এ. লেভিন ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার এ ঘোষণা দেন। নগর কর্তৃপক্ষের তদন্তে দেখা গেছে, ডোরড্যাশের অনেক কর্মী কাজ করার পরও সময়মতো পারিশ্রমিক পাননি, আবার কিছু কর্মী কাজ করেও কোনো অর্থ পাননি।

তদন্তে ডোরড্যাশের বিপুল পরিমাণ পেমেন্ট ও কর্মঘণ্টার তথ্য বিশ্লেষণ করা হয়। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের আওতায় ১৫ কোটি ২০ লাখের বেশি পৃথক পেমেন্ট লেনদেন এবং ১১ কোটি কর্মঘণ্টার তথ্য পরীক্ষা করা হয়েছে। তদন্তকারীদের অভিযোগ, ন্যূনতম পারিশ্রমিক হিসাবের সময় ডোরড্যাশ ট্রিপের সময় ও অপেক্ষাকালীন কাজের কিছু অংশ যথাযথভাবে গণনা করেনি।

ক্ষতিপূরণ পাওয়ার জন্য যোগ্য কর্মীদের আলাদাভাবে কোনো দাবি বা প্রমাণ জমা দিতে হবে না। নগর কর্তৃপক্ষ ডোরড্যাশের রেকর্ড বিশ্লেষণ করে যেসব কর্মীর অর্থ পাওনা রয়েছে, তাদের শনাক্ত করেছে। অক্টোবরের শেষ দিকে যোগ্য কর্মীদের ই-মেইলে তাদের পাওনা অর্থের পরিমাণ জানানো হবে। কর্মীরা ইলেকট্রনিক পেমেন্ট অথবা ডাকযোগে চেক নেওয়ার সুযোগ পাবেন।

কোনো কর্মীর ১ হাজার ডলার পাওনা থাকলেও যদি তাকে কোনো অর্থ দেওয়া না হয়ে থাকে, তাহলে তিনি ৩ হাজার ডলার পেতে পারেন। আর পাওনা অর্থ দেরিতে দেওয়া হয়ে থাকলে ১ হাজার ডলারের ক্ষেত্রে ক্ষতিপূরণ হবে ২ হাজার ডলার।

নিষ্পত্তির অংশ হিসেবে ডোরড্যাশকে আগামী তিন বছর প্রতি মাসে নগর কর্তৃপক্ষকে বিস্তারিত তথ্য দিতে হবে। একই সঙ্গে কর্মীদের ট্রিপ, কাজের সময় ও আয়ের তথ্য পর্যবেক্ষণের জন্য নতুন প্রযুক্তিগত ব্যবস্থা চালু করা হবে।নিউইয়র্ক সিটির ডেলিভারি কর্মীদের বর্তমান ন্যূনতম পারিশ্রমিক টিপস বাদে ঘণ্টায় ২২ দশমিক ১৩ ডলার। এই হার মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর সমন্বয় করা হয়।

শেয়ার করুন