২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ০৭:৩৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :


যুক্তরাষ্ট্রে ইতিহাসের সবচেয়ে বড় ২ লাখ বিদেশি ভিসা বাতিলের প্রস্তুতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৮-২০২৬
যুক্তরাষ্ট্রে ইতিহাসের সবচেয়ে বড় ২ লাখ বিদেশি ভিসা বাতিলের প্রস্তুতি স্টেট ডিপার্টমেন্ট


যুক্তরাষ্ট্রে ব্যবসা ও পর্যটন ভিসা ব্যবহার করে এসে পরে অ্যাসাইলাম আবেদন করা বিদেশিদের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এর আওতায় ২ লাখ পর্যন্ত বিদেশির বি-১ ও বি-২ ভিসা বাতিল করা হতে পারে। কার্যকর হলে এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বড় পরিসরে ভিসা বাতিলের ঘটনা।

স্টেট ডিপার্টমেন্টের নথি এবং দুই মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ১০ বছরে ইস্যু করা বি-১ ও বি-২ ভিসাধারীদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন বা বর্তমানে আশ্রয় চাইছেন, তাদের ভিসা বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট বলেছেন, স্বল্পমেয়াদি ভ্রমণের কথা বলে যুক্তরাষ্ট্রে এসে পরে স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয় আবেদন করা বিদেশিদের নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল করতে স্টেট ডিপার্টমেন্টে ও ইউ এস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে সমন্বয় করছে। তবে ঠিক কতজনের ভিসা বাতিল হবে, তা এখনো নিশ্চিত নয়। পিগট বলেন, প্রক্রিয়াটি চলমান থাকায় সংখ্যাটি পরিবর্তনশীল থাকবে এবং ধাপে ধাপে ভিসা বাতিল করা হবে।

কর্মকর্তারা বলছেন, ভিসা বাতিল হলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে, তা এমন নয়। বর্তমানে যাদের আশ্রয় আবেদন বিচারাধীন, তাদের অনেকের ক্ষেত্রে ভিসার শ্রেণি পরিবর্তন হতে পারে। তবে তারা আর ব্যবসা বা পর্যটন ভিসাধারী হিসেবে যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পাবেন না।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে তার প্রশাসন ভিসা ব্যবস্থায় নানা ধরনের কড়াকড়ি আরোপ করেছে। ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য যাচাই, ভিসা প্রক্রিয়ায় ব্যয়বহুল বন্ডের শর্ত এবং কয়েকটি দেশের নাগরিকদের ভিসা প্রদান নিষিদ্ধ করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত সোমবার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ডেপুটি সেক্রেটারি অব স্টেট ক্রিস্টোফার ল্যান্ডাও পর্যটন ও ব্যবসায়িক ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে এসে পরে আশ্রয় আবেদনকারীদের সমালোচনা করেন। তিনি বলেন, আশ্রয় ব্যবস্থা অভিবাসন আইন এড়ানোর কোনো পথ হওয়া উচিত নয়।

বি-১ ভিসা সাধারণত ব্যবসায়িক সফরের জন্য এবং বি-২ ভিসা পর্যটন, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা বা চিকিৎসার মতো স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য দেওয়া হয়। বর্তমানে এসব ভিসার আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদন না করার এবং নিজ দেশে ফিরে যাওয়ার অভিপ্রায় প্রমাণ করার বিষয়টি নিশ্চিত করতে হয়।

স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, গত ১৮ মাসে প্রায় ১ লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করা হয়েছে। এসব বাতিলের মধ্যে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো থেকে শুরু করে ধর্ষণ ও ডাকাতির মতো অপরাধে অভিযুক্ত বা দোষী ব্যক্তিদের পাশাপাশি মার্কিন নীতির প্রকাশ্য সমালোচনাকারীরাও রয়েছেন। নথি অনুযায়ী, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআই এস) থেকে আশ্রয় আবেদনের তথ্য পাওয়ার পর বর্তমান বি-১ ও বি-২ ভিসাধারীদের যাচাই শুরু করে স্টেট ডিপার্টমেন্ট। প্রশাসনের এই উদ্যোগ আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন