২৭ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ৬:১৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :


সন্দেহভাজন আটক
সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৮-২০২৬
সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত টেনেসির বেলস শহরের এক্সন সাফারি কর্নার মার্কেটের সিসিটিভি ফুটেজে ডাকাতির সময় মুখোশধারী ডাকাতকে দেখা যাচ্ছে। (ইনসেট) নিহত মহসিন রানা


যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ক্রকেট কাউন্টির বেলস শহরে ভোররাতে একটি গ্যাস স্টেশনের কনভেনিয়েন্স স্টোরে সশস্ত্র ডাকাতির সময় গুলিতে ৩৮ বছর বয়সী বাংলাদেশি দোকানকর্মী মহসিন রানা নিহত হয়েছেন। বেলসের ৫০৫৪ হাইওয়ে ৪১২ সাউথে অবস্থিত এক্সন সাফারি কর্নার মার্কেটে গত রোববার ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, রাতের শিফটে থাকা দোকানকর্মীকে গুলি করে সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভোর ২টা ৩৪ মিনিটের দিকে এক ক্রেতা দোকানে এসে ক্যাশিয়ারকে মেঝেতে পড়ে থাকতে দেখে ৯১১ নম্বরে ফোন করেন।

খবর পেয়ে ক্রকেট কাউন্টি শেরিফের ডেপুটি, তদন্তকারী কর্মকর্তা এবং ক্রকেট কাউন্টি ইএমএসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। গুলিবিদ্ধ মহসিন রানাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও পরে তিনি মারা যান। ঘটনার পর এলাকায় ব্যাপক পুলিশি তৎপরতা শুরু হয়। ক্রকেট কাউন্টি শেরিফের দফতরের পাশাপাশি টেনেসি ব্যুরো অব ইনভেস্টিগেশন, এফবিআই, এটিএফ, বেলস পুলিশ বিভাগ, জ্যাকসন পুলিশ বিভাগ এবং ম্যাডিসন কাউন্টি শেরিফের দফতরের কর্মকর্তারা তদন্তে যোগ দেন। বর্তমানে টেনেসি ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্তের নেতৃত্ব দিচ্ছে।

তদন্তকারীরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন এবং সন্দেহভাজনের পালানোর পথ ও সম্ভাব্য গতিবিধি অনুসন্ধান করছেন। ঘটনার পর নিরাপত্তার কারণে এলাকাবাসীকে ঘটনাস্থল এড়িয়ে চলার অনুরোধ করা হয় এবং কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ক্রকেট কাউন্টি শেরিফের দফতর জানিয়েছে, সশস্ত্র ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় একজন সন্দেহভাজনকে অন্য একটি এখতিয়ারে আটক করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। তদন্তের স্বার্থে তার পরিচয়ও প্রকাশ করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে এক বন্দুকধারী স্টোরে ঢুকে অর্থ দাবি করে। বন্দুক তাক করে সে প্রথমে ক্যাশ কাউন্টারে থাকা টাকা দিতে বলে। প্রাণভয়ে মহসিন তার নির্দেশ মেনে টাকা তুলে দেন। তবে টাকা নেওয়ার পরও থামেনি ওই দুর্বৃত্ত। সে সিগারেট চায়। মহসিন কোনো ধরনের প্রতিরোধ না করে একের পর এক তার চাওয়া সিগারেটের প্যাকেট তুলে দিতে থাকেন। কিছুক্ষণ পর বন্দুকধারী আবারও সিগারেট চায়। তখনও পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করে মহসিন তার চাওয়া জিনিস দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বন্দুকধারী মহসিনকে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এদিকে কয়েকদিন আগে জ্যাকসন শহরের রিজক্রেস্ট সেলার্স ওয়াইন অ্যান্ড স্পিরিটসে ঘটে যাওয়া আরেকটি প্রাণঘাতী ডাকাতির সঙ্গে বেলসের ঘটনার সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গত বৃহস্পতিবার রাতে ওই ঘটনায় ৫৬ বছর বয়সী দোকানমালিক সুরেশ প্যাটেল গুলিতে নিহত হন। দুটি ঘটনায় ডাকাতির ধরন ও পরিস্থিতির মধ্যে মিল থাকায় তদন্তকারীরা কোনো সম্পর্ক রয়েছে কি না, তা অনুসন্ধান করছেন।

জ্যাকসন পুলিশ বিভাগ জানিয়েছে, রোববার ওই মামলাতেও একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে বেলসের হত্যাকাণ্ড ও রিজক্রেস্ট সেলার্সের হত্যাকাণ্ড একই ব্যক্তির সঙ্গে সম্পর্কিত কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। ক্রকেট কাউন্টি শেরিফের দফতর জানিয়েছে, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আগের তথ্য পরিবর্তিত হতে পারে। পরবর্তী আনুষ্ঠানিক তথ্য টেনেসি ব্যুরো অব ইনভেস্টিগেশনের পক্ষ থেকে প্রকাশ করা হবে। ঘটনা সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে ক্রকেট কাউন্টি শেরিফের দফতরে (৭৩১) ৬৯৬-২১০৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন