প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্রে প্রচলিত চার বছরের পরিবর্তে তিন বছরে ব্যাচেলর ডিগ্রি শেষ করার সুযোগ দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের সুযোগ তৈরি হলেও এই সংক্ষিপ্ত ডিগ্রির মান, চাকরির বাজারে গ্রহণযোগ্যতা এবং উচ্চশিক্ষায় প্রবেশের ক্ষেত্রে নানা প্রশ্ন তুলছেন সমালোচকরা। গবেষণা সংস্থা রেন্ড করপোরেশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের বসন্ত পর্যন্ত যুক্তরাষ্ট্রের ২৬টি স্টেটে অন্তত একটি কলেজ তিন বছরের কম-ক্রেডিটের ব্যাচেলর ডিগ্রি চালু করেছে। মে মাস পর্যন্ত এমন ১১৯টি প্রোগ্রাম প্রকাশ্যে ঘোষণা করা হয়েছে।
প্রচলিত ব্যাচেলর ডিগ্রির জন্য সাধারণত ১২০ ক্রেডিট প্রয়োজন হলেও নতুন এসব প্রোগ্রামে কিছু ক্ষেত্রে মাত্র ৯০ ক্রেডিট সম্পন্ন করেই ডিগ্রি অর্জন করা সম্ভব। ফলে শিক্ষার্থীরা এক বছর আগেই কর্মজীবনে প্রবেশ করতে পারেন এবং টিউশন ও জীবনযাত্রার ব্যয়ও কমাতে পারেন।
তিন বছরের ডিগ্রির অন্যতম সুবিধাভোগী শিক্ষার্থীদের একজন গাইলস সিমস। স্ত্রী ও বিধবা মাকে সহায়তা করার দায়িত্ব থাকায় চার বছর কর্মক্ষেত্রের বাইরে থাকা তার জন্য কঠিন ছিল। তিনি বলেন, তিন বছরের প্রোগ্রাম তাকে দ্রুত ডিগ্রি অর্জন করে কর্মজীবনে ফেরার সুযোগ দিয়েছে।
তবে সমালোচকদের আশঙ্কা, কম ক্রেডিটের কারণে শিক্ষার্থীদের শিক্ষার পরিধি সংকুচিত হতে পারে। নিয়োগকর্তারা ডিগ্রিটিকে প্রচলিত চার বছরের ডিগ্রির সমতুল্য হিসেবে বিবেচনা করবেন কি না, সেটিও এখনো পুরোপুরি স্পষ্ট নয়। কিছু ক্ষেত্রে স্নাতকোত্তর শিক্ষায় ভর্তি এবং পেশাগত লাইসেন্স পাওয়ার ক্ষেত্রেও অতিরিক্ত কোর্সের প্রয়োজন হতে পারে।
অ্যামেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রফেসরস (এএইউপি)-এর প্রেসিডেন্ট টড উলফসন এ উদ্যোগের সমালোচনা করে বলেছেন, এটি শিক্ষাব্যবস্থায় উদ্ভাবন নয়; বরং শিক্ষার প্রয়োজনীয় অংশ কমিয়ে দেওয়ার ঝুঁকি রয়েছে।
তিন বছরের ডিগ্রি যুক্তরাষ্ট্রে নতুন হলেও যুক্তরাজ্য, ভারত, ফ্রান্স ও ইতালিসহ বিভিন্ন দেশে এ ধরনের ডিগ্রি দীর্ঘদিন ধরে প্রচলিত। যুক্তরাষ্ট্রের কিছু প্রাথমিক কলেজেও একসময় তিন বছরের ডিগ্রি চালু ছিল। তবে ১৯ শতকে চার বছরের ডিগ্রি ধীরে ধীরে মানদণ্ডে পরিণত হয়।
২০২৩ সালে একটি বড় পরিবর্তন আসে। নর্থওয়েস্ট কমিশন অন কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ প্রথমবারের মতো এনসাইন কলেজএবং ব্রিগহাম ইয়ং ইউনিভার্সিটি আইডাহোর কম ক্রেডিটের ডিগ্রি অনুমোদন করে। এরপর অন্যান্য অ্যাক্রেডিটিং সংস্থাও এ ধরনের প্রোগ্রামের অনুমোদন দিতে শুরু করে। বর্তমানে ব্যবসা, মার্কেটিং, ম্যানেজমেন্ট এবং কম্পিউটার ও ইনফরমেশন সায়েন্সের মতো বিষয়গুলোতে তিন বছরের ডিগ্রি তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে। বিপরীতে প্রকৌশল, শিক্ষকতা এবং অন্যান্য লাইসেন্স-নির্ভর পেশায় এমন প্রোগ্রাম চালু করা কঠিন। এর প্রধান কারণ হলো কিছু পেশায় নির্দিষ্ট সংখ্যক ক্রেডিট, ইন্টার্নশিপ বা ব্যবহারিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। বিশেষ করে শিক্ষকতা ও হিসাবরক্ষণে অঙ্গরাজ্যভেদে লাইসেন্সের শর্ত আলাদা হওয়ায় শিক্ষার্থীদের সতর্কভাবে প্রোগ্রাম নির্বাচন করতে হচ্ছে।
এদিকে কলেজের ব্যয় বাড়তে থাকায় তিন বছরের ডিগ্রির প্রতি আগ্রহও বাড়ছে। কলেজ বোর্ড-এর তথ্য অনুযায়ী, গত শিক্ষাবর্ষে সরকারি কলেজে ইন-স্টেট শিক্ষার্থীদের গড় টিউশন ও ফি ছিল প্রায় ১১ হাজার ৯৫০ ডলার আর বেসরকারি অলাভজনক কলেজে প্রায় ৪৫ হাজার ডলার। ফলে এক বছর কম পড়াশোনা অনেক শিক্ষার্থীর জন্য উল্লেখযোগ্য অর্থ সাশ্রয় করতে পারে।
তবে শিক্ষার্থীদের জন্য এটি এখনো কিছুটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। তিন বছরের ডিগ্রি শেষ করার পর চাকরি, পেশাগত লাইসেন্স বা গ্র্যাজুয়েট স্কুলে ভর্তি হতে অতিরিক্ত কোর্সের প্রয়োজন হবে কি না, তা প্রোগ্রাম ও পেশাভেদে ভিন্ন হতে পারে। বিশেষজ্ঞদের মতে, তিন বছরের ডিগ্রি শিক্ষার খরচ কমানো এবং দ্রুত কর্মজীবনে প্রবেশের একটি কার্যকর পথ হতে পারে। তবে ভর্তি হওয়ার আগে শিক্ষার্থীদের নিশ্চিত হতে হবে যে সংশ্লিষ্ট ডিগ্রি তাদের ভবিষ্যৎ চাকরি, লাইসেন্স এবং উচ্চশিক্ষার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।