জোসে গুয়াডালুপ রামোস-সোলানোকে এডেলান্টো আইস প্রোসেসিং সেন্টারে তার খাটে অচেতন অবস্থায় পাওয়া যায়।
২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত, মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) হেফাজতে ১৪ জন অভিবাসী মারা গেছেন। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের বাইরে এক কেন্দ্রে একজন মেক্সিকান নাগরিককে অচেতন অবস্থায় পাওয়া যায়, পরে তাকে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু ঘটে। ফেডারেল তথ্য অনুযায়ী, মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত আইসের হেফাজতে ইতিহাসের সর্বোচ্চ ৬৮ হাজারের বেশি অভিবাসী ছিলেন। এ সংখ্যা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, কারণ কিছু অভিবাসী প্রেরণ করা হয় এবং নতুনদের হেফাজতে নেওয়া হয়।
গত বছর, ২০২৫ সালে আইস হেফাজতে ৩৩ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছিল এবং ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১১। ট্রাম্প প্রশাসন অভিবাসীদের গণ বহিষ্কারের অংশ হিসেবে হেফাজতের স্থান উল্লেখযোগ্যভাবে বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। এর ফলে কেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড় এবং রোগের সমস্যা দেখা দিচ্ছে। সম্প্রতি হোমল্যান্ড সিকিউরিটি তার বৃহত্তম অভিবাসী হেফাজত কেন্দ্র, ফোর্ট ব্লিস (এল পাসো, টেক্সাস)-এ ঠিকাদার পরিবর্তন করেছে, যেটি মাত্র সাত মাস আগে চালু হয়েছিল।
ক্যাম্প ইস্ট মন্টানা নামে পরিচিত এই তাঁবু ঝুঁকিপূর্ণ। এটি নির্মাণকালীন একটি মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়েছে এবং ছয় সপ্তাহের কম সময়ে তিনজন হেফাজতকারীর মৃত্যু ঘটেছে, যার মধ্যে একজনকে হত্যাকাণ্ড বলে চিহ্নিত করা হয়। এছাড়াও এখানে টিবি এবং মিজলসের সংক্রমণ দেখা গেছে।
ট্রাম্প প্রশাসন সম্প্রতি ঘোষণা করেছে যে, তাদের বহিষ্কারের কৌশল পরিবর্তন করা হচ্ছে। এখন তারা বিশেষভাবে ক্রিমিনাল রেকর্ডধারী অভিবাসীদের গ্রেফতার ও বহিষ্কারে মনোনিবেশ করবে। এটি এমন এক পরিস্থিতির পর এসেছে যেখানে মিনেসোটায় ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের দ্বারা দুই মার্কিন নাগরিক নিহত হয়েছেন। ২৫ মার্চ জোসে গুয়াডালুপ রামোস-সোলানো, যিনি ক্যালিফোর্নিয়ার ফেডারেল হেফাজতে ছিলেন এবং নিয়ন্ত্রিত পদার্থ ও চুরির অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন, তাকে তার খাটে অচেতন অবস্থায় পাওয়া যায়। নিরাপত্তা কর্মীরা সিপিআর এবং অন্যান্য জীবন রক্ষাকারী ব্যবস্থা গ্রহণ করেন, পরে তাকে ভিক্টর ভ্যালি গ্লোবাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম ৩০ মার্চ সোমবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এ মৃত্যুর প্রতিবাদে মেক্সিকো বিশেষত লস অ্যাঞ্জেলেস অঞ্চলে শক্তিশালী পদক্ষেপ নেবে। তিনি বলেন, আমাদের আরো একজন মেক্সিকানের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে এবং আমরা তার প্রতিবাদে বিভিন্ন পদক্ষেপ নেবো।
রামোস-সোলানোকে ২৩ ফেব্রুয়ারি আইস গ্রেফতার করে এডেলান্টো হেফাজত কেন্দ্রে পাঠানো হয়। তার প্রাথমিক মেডিক্যাল স্ক্রিনিংয়ের সময় দেখা যায়, তিনি ডায়াবেটিস, হাইপারলিপিডেমিয়া এবং হাইপারটেনশন আক্রান্ত। আইস জানিয়েছে, হেফাজতে থাকা অবস্থায় তিনি নিয়মিত চিকিৎসা এবং প্রতিদিনের ওষুধ পেয়েছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো প্রকাশ করা হয়নি এবং হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।