সাবেক হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম
যুক্তরাষ্ট্রের সাবেক হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) সেক্রেটারি ও সাউথ ডাকোটার সাবেক গভর্নর ক্রিস্টি নোম তার স্বামী ব্রায়ন নোমের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে এগোচ্ছেন বলে দাবি করেছেন নোমের মা। নোমের মা কোরিন আর্নল্ড এক সাক্ষাৎকারে জানান, পরিবার আগে থেকেই জানতো যে, এ দম্পতির বিচ্ছেদ হতে পারে। তার ভাষ্য অনুযায়ী, বসন্তের শেষদিকে মেয়ে তাকে বিবাহবিচ্ছেদের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। ৫৬ বছর বয়সী ব্রায়ন নোমকে ঘিরে সাম্প্রতিক একটি বিতর্কের পর এ সিদ্ধান্তের খবর সামনে আসে। চলতি বছরের শুরুতে প্রকাশিত কিছু ছবিতে তাকে একটি ফেটিশ-সংক্রান্ত অনলাইন সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করতে এবং কৃত্রিম স্তনযুক্ত পোশাক পরা অবস্থায় দেখা যায়। ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
নোমের মা জানান, পরিবারের এক অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেন ক্রিস্টি নোম। তিনি বলেন, মেয়েকে জিজ্ঞেস করেছিলেন তারা আবার একসঙ্গে থাকার চেষ্টা করবেন কি না। জবাবে ক্রিস্টি জানান, না, আমরা বিবাহবিচ্ছেদ করতে যাচ্ছি। তবে এখনো পর্যন্ত আদালতে আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদের আবেদন জমা পড়েছে কি না, তা নিশ্চিত নয়। ক্রিস্টি নোম ও ব্রায়ন নোমের বিয়ে হয়েছে ৩৪ বছর। তাদের তিন সন্তান রয়েছে। দীর্ঘদিনের দাম্পত্য জীবনের অবসানের এই খবর আসে এমন এক সময়ে, যখন সাবেক ডিএইচএস প্রধানকে ঘিরে আরো কিছু বিতর্ক চলছিল। এর আগে ক্রিস্টি নোমের বিরুদ্ধে সাবেক ট্রাম্প প্রচারণা ব্যবস্থাপক কোরি লেওয়ানডস্কির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকার অভিযোগ উঠেছিল। তবে নোমের মা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ক্রিস্টি এমন কিছু করবে না। আমি আমার সন্তানদের এভাবে বড় করিনি।
চলতি বছরের গত ৫ মার্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোমকে হোমল্যান্ড সিকিউরিটি সচিবের পদ থেকে সরিয়ে দেন। তার পদত্যাগের পেছনে একাধিক বিতর্ক, কংগ্রেসে শুনানিতে তার বক্তব্য এবং প্রশাসনের সঙ্গে মতবিরোধের বিষয়গুলো আলোচনায় আসে। নোমের বিরুদ্ধে আরেকটি বিতর্ক তৈরি হয়েছিল ডিএইচএসের একটি ২২ কোটি ডলারের বিজ্ঞাপন প্রচারণায় তাকে প্রধান মুখ হিসেবে উপস্থাপন করা নিয়ে। সমালোচকদের অভিযোগ ছিল, সরকারি অর্থ ব্যবহার করে ব্যক্তিগত প্রচারের সুযোগ তৈরি করা হয়েছে। বিবাহবিচ্ছেদের খবর প্রকাশের পর নোম পরিবারের ব্যক্তিগত জীবন আবারও রাজনৈতিক ও গণমাধ্যমের আলোচনার কেন্দ্রে চলে এসেছে। তবে উভয়পক্ষ থেকেই এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য করা হয়নি।