২৮ জুন ২০২৬, রবিবার, ০৮:০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রসঙ্গে কী সিদ্ধান্ত আসছে
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৭-২০২৫
দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রসঙ্গে কী সিদ্ধান্ত আসছে অধ্যাপক আলী রীয়াজ


জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একইসাথে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না মর্মে একমত হয়েছে প্রায় তিন-চতুর্থাংশ রাজনৈতিক দল ও জোট।

গত ২২ জুলাই মঙ্গলবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৭তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফকালে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার আলোচনাকালে উপস্থিত ছিলেন।

বেশিরভাগ রাজনৈতিক এ বিষয়ে একমত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, কিছু দল ও জোট এ বিষয়ে ভিন্নমত ব্যক্ত করেছে। এই দল ও জোটগুলো জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ দিতে পারবে।

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হয়েছে উল্লেখ করে রাজনৈতিক দলগুলোর সাথে আজকের আলোচনায় এ বিষয়ে আরো কিছু অগ্রগতি হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, নির্বাচন কমিশনের উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বিন্যাসের লক্ষ্যে ২০ জুলাই তারিখে রাজনৈতিক দলসমূহের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কমিশন একটি সংশোধিত ও সমন্বিত প্রস্তাব সকল দলের নিকট প্রেরণ করে। উক্ত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দলসমূহকে মতামত প্রদান করতে বলা হয়। মঙ্গলবার ২২ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কমিশনের অধিকাংশ প্রস্তাবের সঙ্গে নীতিগতভাবে একমত পোষণ করে তাদের মতামত উপস্থাপন করে।

এদিন প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয় জানিয়ে তিনি বলেন, তবে ‘র‌্যাঙ্কড চয়েজ’ পদ্ধতির ব্যবহার বিষয়ে এখনো একমত হওয়া যায়নি। ২৪ জুলাই বৃহস্পতিবার পুনরায় আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে এ আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

শেয়ার করুন